২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মানবাধিকার কমিশন কি র‌্যাবের অঙ্গ প্রতিষ্ঠান’

র‌্যাবের বিরুদ্ধে মামলা তুলে নিতে লিমন হোসেনকে ‘প্রস্তাব’ দেয়ায় জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যানের সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2013, 06:09 PM

Updated : 23 Aug 2022, 11:03 AM

লিমনের বক্তব্য ধরে প্রকাশিত সংবাদ দেখে সোমবার এক বিবৃতিতে দুর্নীতিবিরোধী সংগঠনটি বলেছে, এর ফলে কমিশনের ভাবমূর্তিই কেবল ক্ষুণ্ন হয়নি, এক ইসঙ্গে কমিশনের ওপর জনগণের আস্থা, গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে।

“জাতীয় মানবাধিকার কমিশন কি সরকার ও র‌্যাবের অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে? মানবাধিকার কমিশন ‘অভিযুক্ত প্রতিষ্ঠানের’ পক্ষে অবস্থান নিয়ে লিমনের পরিবারের ওপর মানসিক চাপের সৃষ্টি করেছে, যা অনাকাঙ্ক্ষিত ও হতাশাব্যঞ্জক।”

রোববার মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে আসা লিমন বলেছেন, র‌্যাবের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য তাকে ‘প্রস্তাব’ দেয়া হয়েছে।

তবে কমিশন চেয়ারম্যান মিজানুর রহমান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তিনি মামলা তুলে নিতে বলেননি।

লিমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে মানবাধিকার কমিশনের সচেষ্ট থাকার কথা জানিয়ে তিনি বলেছেন, সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় র‌্যাবের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের বিষয়টি তুলতে পারে।

কথিত বন্দুকযুদ্ধে পা হারানো লিমনের বিরুদ্ধে র‌্যাবের দুটি মামলা রয়েছে।

লিমনকে গুলি চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগে ২০১১ সালের ১০ এপ্রিল ছয় র‌্যাব সদস্যের বিরুদ্ধে ঝালকাঠীর আদালতে মামলা করেন হেনোয়ারা বেগম।

তার ১৭ দিন আগে কথিত বন্দুকযুদ্ধে আহত হন ঝালকাঠীর রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের তোফাজ্জেল হোসেনের কলেজ পড়ুয়া ছেলে লিমন।

তখনি লিমনের বিরুদ্ধে র‌্যাব অস্ত্র আইনে এবং সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ এনে রাজাপুর থানায় দুটি মামলা করে।

র‌্যাবের এই দুটি মামলা এবং লিমনের মায়ের মামলা মিলিয়ে তিনটিরই কার্যক্রম চলছে ঝালকাঠীর আদালতে।