বুড়িগঙ্গায় যুবকের হাত-পা বাঁধা লাশ
বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয়ের এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, সোমবার সকাল ১১টায় দিকে আগানগর ইস্পাহানি ঘাট বরাবর নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
তিনি বলেন, “লাশ পচে ফুলে গেছে। সম্ভবত ৩/৪ দিন আগে হত্যা করা হয়েছে। লাশের পা নাইলনের রশি দিয়ে এবং হাত কাপড় দিয়ে বাঁধা।”
ওই যুবকের বয়স আনুমানিক ত্রিশ বছর। তার পরনে খাটো প্যান্ট ও কালো গেঞ্জি ছিল।
“তিন-চারদিন আগে হাত-পা বেঁধে ওই যুবককে নদীতে ফেলে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা।”
ময়নাতদন্তের জন্য লাশ স্যার সহিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
