খুবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ
পরীক্ষা গ্রহণের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের সাত ডিসিপ্লিনের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন।
সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে অবরোধ দেয়া হয়।
এছাড়া তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এবং ক্যাম্পাসে প্রবেশের মেইন গেটে তালাও লাগিয়ে দেন।
শিক্ষার্থীরা জানান, ২৩ জুন থেকে তাদের টার্ম ফাইনাল পরীক্ষা গ্রহণের নির্ধারিত দিন ছিল। কিন্তু কয়েকজন শিক্ষক ডিন নিয়োগের বিরোধিতা করে শিক্ষা কার্যক্রমে অসহযোগিতা করে আসছেন। এ কারণে পরীক্ষা নেয়া হচ্ছে না।
তাই বাধ্য হয়ে ছাত্রছাত্রীরা পরীক্ষা গ্রহণের দাবি জানিয়ে সকালে প্রশাসনিক ভবনে তালা দিয়ে সেখানে অবস্থান করেন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে তালা দিয়ে খুলনা-সাতক্ষীরা মহসড়ক অবরোধ করেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানান তারা।
এ ব্যাপারে খুলনা বিশ্ববিদ্যলয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান প্রশাসনিক ভবন ও মেইন গেটে তালা লাগানোর কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে বটিয়াঘাটা থানার ওসি এনামুল হক জানান, খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করার পর বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সমীর কুমার সাধুকে জীববিজ্ঞান স্কুলের ডিন নিয়োগ দেয়ার বিরোধিতা করে শিক্ষকদের একাংশ আন্দোলন করে আসছেন। এ কারণে জীববিজ্ঞান স্কুলের শিক্ষা ও পরীক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
