আতাইকুলায় ‘চরমপন্থী’ খুন
পাবনার আতাইকুলা থানায় এক ‘চরমপন্থীকে’ কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার সকালে লক্ষ্মীপুর ইউনিয়নের বাঐকোলা গ্রামে নিজ বাড়ির পাশে থেকে আনিসুর রহমান আনিসের (২৮) লাশ উদ্ধার করে পুলিশ।
আনিস ওই গ্রামের প্রয়াত তাছের আলীর ছেলে।
তিনি একটি চরমপন্থী বাহিনীর সদস্য ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
আতাইকুলা থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতেই সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রাখে।
নিহত আনিস চরমপন্থী বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন জানিয়ে ওসি বলেন, প্রতিপক্ষরা তাকে হত্যা করে থাকতে পারে।
এছাড়া আনিস এলাকায় ব্যাপক চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধ করত বলেও জানায় পুলিশ।
ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
