নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে অগ্নিকাণ্ড
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বেসরকারি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে অগ্নিকাণ্ড হয়েছে, তবে এতে কেউ হতাহত হয়নি।
রোববার রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ভবনের বেইজমেন্টে আগুন লাগে বলে অগ্নিনির্বাপক বাহিনী জানিয়েছে।
বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে গভীর রাত পর্যন্ত ধোঁয়া উড়তে দেখা গিয়েছিলো।
ভাটারা থানার ওসি জিয়াউজ্জামান রাত ১২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুন নিয়ন্ত্রণে এলেও ধোঁয়া এখনো নিয়ন্ত্রণে আসেনি।”
অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক বেলাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেইজমেন্টে থাকা উচ্চ ক্ষমতাসম্পন্ন জেনারেটর থেকে আগুন লাগতে পারে বলে তারা ধারণা করছেন।
১০তলা বিশিষ্টি একাডেমিক ভবনের বেইজমেন্টে সাড়ে ছয়শ’ গাড়ি রাখা যায় বলে তিনি জানান।
অগ্নিনির্বাপক বাহিনীর পরিচালক মেজর মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কী কারণে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে বোঝা যাচ্ছে না।
তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
