ইয়াবাসহ মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক মাদ্রাসা শিক্ষকসহ সাতজনকে ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার বিকাল ৩টার দিকে মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টার এলাকা থেকে অাটক করা হয়।
তারা হলেন- নুরুল হক (২৮), ইসরাফ রকিব (৩১), মেহেদী হাসান (২৪), আমজাদ হোসেন (৩৮), আসিব মোহাম্মদ ইকবাল (২৭), কালিমুল্লাহ (২৫) ও অয়ন (২৬)।
র্যাব-৪ এর ক্যাপ্টেন তাহসীন সালেহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, সূচনা কমিউনিটি সেন্টারের বিপরীত পাশের রাস্তায় কালো রঙের একটি টয়োটা গাড়িসহ তাদের আটক করা হয়। গাড়িতে ১৭শ’টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
তিনি বলেন, আটকদের মধ্যে নুরুল হক চট্টগ্রামের ‘মহিউস সুন্নাহ’ নামে একটি মাদ্রাসার শিক্ষক বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
অন্যরা র্যাবকে বলেছেন, নুরুল হক টেকনাফ থেকে ইয়াবা ঢাকায় এনে দিতেন, যা রাজধানীতে বিক্রি হতো।
