ইমন হত্যা: অভিযুক্তদের বাড়িতে আগুন দিল এলাকাবাসী
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলীতে স্কুলছাত্র ইমন হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের বাড়িতে আগুন দিয়েছে এলাকাবাসী।
রোববার দুপুরে বক্তাবলীর চর বাধানগর এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে দুপুর আড়াইটায় জানাযা শেষে ইমনকে দাফন করা হয়েছে।
এলাকাবাসী ও ইমনের সহপাঠীরা হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন আহম্মদ আলীর বাড়িতে আগুন দিয়েছে বলে জানান বক্তাবলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল আলম।
তিনি জানান, পরে পুলিশ গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম জানান, পারিবারিক শত্রুতার জের ধরে তাদের আত্মীয়-স্বজনরাই ইমনকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার স্থানীয় সিরাজ মিয়ার ছেলে মামুন (২৫) ও আমান উল্লাহর স্ত্রী আয়েশা বেগমকে (৩৩)জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে বলে জানান এসপি।
শনিবার ইমনের খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। চর রাধানগরের ইসমাইল হোসেনের ছেলে ইমন বক্তাবলীর কানাইনগর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
১৩ জুন রাত ৮টার পর থেকে ইমনের খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে পরিবারের সদস্যরা জানান।
