২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইউসুফের মামলা ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তরের আবেদন

জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নায়েবে আমির একেএম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলাটি দ্বিতীয় ট্রাইব্যুনালে স্থানান্তরের আবেদন জানিয়েছে প্রসিকিউশন বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2013, 11:52 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

প্রসিকিউটর সৈয়দ সাইয়্যেদুল হক সুমন জানান, রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিবন্ধকের কাছে এই আবেদন জানানো হয়েছে।

বর্তমানে ট্রাইব্যুনাল-১ এ রয়েছে মামলাটি। প্রসিকিউশনের আবেদন গৃহীত হলে বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে হবে এই জামায়াত নেতার বিচার।

গত ১২ মে প্রসিকিউশনের অভিযোগ আমলে নিয়ে ইউসুফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এর ঘণ্টাখানেকের মধ্যে ধানমণ্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা।

Image
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নায়েবে আমির এ কে এম ইউসুফকে গ্রেপ্তার করে র‌্যাব।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নায়েবে আমির এ কে এম ইউসুফকে গ্রেপ্তার করে র‌্যাব।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের ১৫টি অভিযোগে গত ২২ এপ্রিল ইউসুফের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয় প্রসিকিউশনের তদন্ত দল। এসব অভিযোগের মধ্যে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও রয়েছে।
গত ২২ এপ্রিল জামায়াতের এ নেতার বিরুদ্ধে তদন্ত চুড়ান্ত করে প্রতিবেদন চীফ প্রসিকিউটর বরবার প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা।
গত ৮ মে বুধবার ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিস বরাবর ১৫ টি অভিযোগের ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন। একইসঙ্গে তাকে গ্রেপ্তারের আবেদনও করা হয়।

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তারা বলছেন, মুক্তিযুদ্ধকালে রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা এ কে এম ইউসুফ প্রায় ৭০০ জনকে হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রমাণ পেয়েছেন তারা। এ ছাড়া তার বিরুদ্ধে ৩০০ বাড়ি ও ৪০০ দোকান লুটের পর অগ্নিসংযোগ এবং ২০০ হিন্দুকে ধর্মান্তর করার অভিযোগের প্রমাণ মিলেছে ।

মুক্তিযুদ্ধের সময় এ দেশে পাকিস্তানিদের গঠিত কথিত মালেক সরকারের মন্ত্রিসভার সদস্য ইউসুফ এক সময় জামায়াতের ভারপ্রাপ্ত আমিরের দায়িত্বও পালন করেছেন। বর্তমানে দলের নায়েবে আমির তিনি।

একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীকে হত্যা-লুণ্ঠনে সহায়তা দেয়ার জন্য গঠিত সশস্ত্র বাহিনীর ‘রাজাকার’ নামটি তিনিই চালু করেন বলে তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান।

দেশ স্বাধীন হওয়ার পর দালাল আইনে ইউসুফের যাবজ্জীবন কারাদণ্ড হলেও আইনটি বাতিল হলে পরে তিনি মুক্তি পেয়ে যান।