‘ধর্মের অপব্যবহার প্রতিরোধ করতে হবে’
প্রচারণায় সাইবার অপরাধ ও ধর্মের অপব্যবহার প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী।
রোববার কিশোরগঞ্জ উপনির্বাচন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নির্বাচনী প্রচারণার অস্ত্র হিসেবে ফেসবুকসহ বিভিন্ন সাইবার মাধ্যমে ভিত্তিহীন প্রচার-প্রচারণায় ভোটারদের বিভ্রান্ত করার প্রয়াস লক্ষ্য করা গেছে।
এছাড়া ধর্মীয় উপসানালয় ব্যবহারের মাধ্যমেও ভোটারদের আকৃষ্ট করার প্রবাণতা ছিল চোখে পড়ার মতো।
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সাইবার অপরাধ ও ধর্মের অপব্যবহার প্রতিরোধের কোনো বিকল্প নেই, বলেন এই নির্বাচন কমিশনার।
তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে সকল প্রস্তুতি গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ, দ্রুত ফলাফল প্রদান এবং ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
সেজন্য পুলিশ ও দাঙ্গা পুলিশের পাশাপাশি র্যাব এবং বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
এ ছাড়া সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডও মোতায়েন করা হবে বলে তিনি জানান।
জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সৈয়দ মো. খুরশিদ আনোয়ার, রিটার্নিং অফিসার মো. জাহিদ হোসেন ও পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান।
এছাড়া উভয় প্রার্থীর প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সংবাদকর্মীসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে নির্বাচন কমিশনার জেলা শহরের আলোরমেলা এলাকায় নবনির্মিত সার্ভার স্টেশনের উদ্বোধন করেন।
