থানায় হামলা, আসামি বিএনপির ৪শ’ নেতাকর্মী
ঝালকাঠীর রাজাপুর থানা ও পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় বিএনপির চার শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।
রোববার দুপুরে পুলিশ বাদী হয়ে এ দুটি মামলা করে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার বিকালে এ হামলা ও সংঘর্ষ হয়। এতে পাঁচ পুলিশসহ বিএনপির ২৫ নেতাকর্মী আহত হন।
অতিরিক্ত পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই মামলায় ১৩০ বিএনপি নেতাকর্মীর নামোল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো তিনশ’ জনকে আসামি করা হয়েছে।
এছাড়া রোববার দুপুর পর্যন্ত আটক ২০ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানিয়েছেন, গ্রেপ্তার আতঙ্কে তার দলের নেতাকর্মীরা সবাই ঘরছাড়া।
