২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকারের দাবি অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি অগণতান্ত্রিক বলে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2013, 09:58 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

রোববার হবিগঞ্জের মাধবপুরে তিনি বলেন, এ সরকারের আমলে প্রত্যেকটি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে তিনি মাধবপুর থানার নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন করেছে। এর প্রমাণ গত চারটি সিটি কর্পোরেশন নির্বাচন।

১৮ দলের সঙ্গে জাপা চেয়ারম্যানের যোগাযোগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিগত নির্বাচনের আগেও এরশাদের কাছে আমরা যাইনি। এরশাদই এগিয়ে এসেছিলেন।”

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর নিখোঁজের বিষয়ের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গাজীপুরে বর্তমানে উৎসবের আমেজের নির্বাচনী প্রচারণা চলছে। প্রার্থী নিখোঁজের বিষয়টি নির্বাচন কমিশন দেখবে।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী থানা প্রাঙ্গণে এক সুধী সমাবেশে যোগ দেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবু জাহির, সংসদ সদস্য আব্দুল মজিদ খান, অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক এ কে এম শহীদুল হক জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার প্রমুখ।

জাইকার অর্থায়নে গণপূর্ত অধিদপ্তর থানার দোতলা এ ভবনটি নির্মাণ করে।