ফখরুলের অভিযোগ গঠন ফের পেছাল
মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে পল্টন ও শাহাজানপুর থানার দুটি মামলায় অভিযোগ গঠনের শুনানি দ্বিতীয়বারের মতো পিছিয়েছে।
আসামিদের কয়েকজন রোববার সময়ের আবেদন করায় ঢাকার দ্রুত বিচার আদলত-৬ এর বিচারক শাহরিয়ার মাহমুদ ১৪ অগাস্ট শুনানির পরবর্তী দিন রাখেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমানউল্লাহ আমান ও মোয়াজ্জেম হোসেন আলাল এ সময় আদালতে উপস্থিত ছিলেন।
আসামীপক্ষের অন্যতম প্রধান আইনজীবী জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্যারিস্টার মওদুদ আহমেদ, আব্দুল্লাহ আল নোমান, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, গয়েশ্বর চন্দ্র রায়, বরকত উল্লাহ বুলুসহ আরো কয়েকজন নেতার পক্ষে এদনি সময় চেয়ে আবেদন করা হয়।
পুলিশের করা সাতটি মামলায় আত্মসমর্পণের পর রোববার কারাগারে পাঠানো হয় বিএনপির শীর্ষ পর্যায়ের আট নেতাকে।
এর মধ্যে শাহজাহানপুর থানার দ্রুত বিচার আইনের মামলায় গত ২১ এপ্রিল ফখরুলসহ ২৩ জনের বিরুদ্ধে এবং পল্টন থানার একই আইনের মামলায় ২৭ এপ্রিল ফখরুলসহ ২৬ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
এর আগে গত ২৭ মে অভিযোগ গঠনের শুনানির তারিখ থাকলেও তা পিছিয়ে যায়।
