খুনের অভিযোগে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার
ছিনতাইকালে হত্যার অভিযোগে নগরীতে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোরে পোর্ট কলোনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এরা হলেন সুজন কুমার দাশ (২৫), মো. সুজন ওরফে শাহ আলম (২৫), মো. জহির উদ্দিন (২৩) এবং মো. রাসেল ওরফে সোহাগ।
বন্দর থানার এসআই কানন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার (২০ জুন) পোর্ট কলোনী এলাকায় ছিনতাই করার সময় বাধা দেয়ায় মো. আলমগীরকে (২৮) খুন করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় জড়িত সন্দেহে এ চারজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, নিহত ওই যুবক চট্টগ্রামের ডক শ্রমিকের কাজ নিতে লক্ষীপুর থেকে এসেছিলেন।
ওই সময় আলমগীরের সঙ্গে দুই হাজার ৩৫ টাকা ছিল। ছিনতাইকারীর ছুরিকাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
