২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুশ্চিন্তায় চিংড়িচাষিরা

উৎপাদন মৌসুমের শুরুতে বাগেরহাটে বাগদা চিংড়ি পোনার ‘সংকট’ দেখা দিয়েছে।

অলীপ ঘটক

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2013, 05:43 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

ঘূর্ণিঝড় মহাসেন এবং এর আগে ও পরে জেলেরা সাগরে মা চিংড়ি ধরতে যেতে না পারায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে চিংড়িচাষিরা জানান।

এ কারণে এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা।

তবে, মৎস্য বিভাগ এর সঙ্গে দ্বিমত পোষণ করে এ পরিস্থিতিকে সাময়িক বলে দাবি করেছে।

উৎপাদন লক্ষ্যমাত্রায়ও ব্যাপক কোনো হেরফের হবে না বলে জানান মৎস্য কর্মকর্তারা।

বাগেরহাট ও কক্সবাজারের হ্যাচারি মালিক, চিংড়িচাষি ও জেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে এ ব্যাপারে কথা বলেন।

হ্যাচারি মালিকরা বলছেন, ভালো মানের মা চিংড়ির বয়স হওয়া উচিৎ কমপক্ষে দেড় বছর। কিন্তু সাগরে এখন যে মা চিংড়ি ধরা পড়ছে সেগুলোর বয়স এক বছরের নিচে। এসব চিংড়ির ডিম কম হয় এবং এগুলো থাকে অপুষ্ট। ফলে রেণু উৎপাদন করা যাচ্ছে না।

এদিকে এ কারণে মা চিংড়ির দামও বেড়ে গেছে। তাই রেণুর দামও বেড়েছে দুই থেকে তিন গুণ।

চাষিরা বলছেন, রেণু সংকটের কারণে মৌসুমের শুরুতেই তারা উৎপাদন চক্র থেকে অমাবস্যা ও পূর্ণিমার অন্তত তিনটি তিথি (গোন) হারিয়েছেন।

বাগেরহাটে চিংড়ি রেণু বিক্রির প্রধান কেন্দ্র রামপাল উপজেলার ফয়লাহাটের ব্যবসায়ী মনিরুজ্জামান মনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত পঁচিশ বছরের ব্যবসা জীবনে তিনি এই ধরনের সংকট কখনো দেখেননি।

বৈরি আবহাওয়ার কারণে সাগর থেকে মা চিংড়ি আহরণ করতে না পারায় গত ২ মে থেকে ২০ মে পর্যন্ত হ্যাচারিগুলো কোনো পোনা উৎপাদন করতে পারেনি।

এছাড়া সমুদ্রে পর্যাপ্ত এবং পূর্ণবয়স্ক মা চিংড়িও পাওয়া যাচ্ছে না, বলেন তিনি।

তিনি জানান, বাগেরহাটের রামপালের চিংড়ি রেণুর পাইকারি বাজার ফয়লাহাটে প্রতিদিন গড়ে এক কোটি পোনার চাহিদা রয়েছে। কিন্তু বাজারে পোনা সরবরাহ নেই বললেই চলে। প্রাকৃতিক উৎস নদীতেও এবছর পোনা কম। ফলে দ্বিগুন দাম দিয়েও চাষিরা চাহিদা অনুযায়ী পোনা পাচ্ছেন না।

ব্যবসায়ীরা জানান, বর্তমানে হ্যাচারিতে উৎপাদিত বাগদা চিংড়ির রেণু সাত থেকে আটশ’ টাকা এবং নদীর পোনা ষোল থেকে সতেরোশ’ টাকায় বিক্রি হচ্ছে।

পনেরো দিন আগেও এই দাম ছিল যথাক্রমে তিনশ’ থেকে সাড়ে তিনশ’ এবং পাঁচশ’ থেকে সাতশ’ টাকার মধ্যে।

রামপালের বাঁশতলি গ্রামের চিংড়ি ব্যবসায়ী পাভেল রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার দেড়শ’ বিঘার চিংড়ি ঘেরে এখনই পঞ্চাশ হাজার পোনা ছাড়া প্রয়োজন। কিন্তু গত এক সপ্তাহ ধরে স্থানীয় ফয়লাহাটে দ্বিগুণ দাম দিয়েও তিনি একসঙ্গে পঞ্চাশ হাজার পোনা কিনতে পারেননি।

ইতোমধ্যে তিনি চিংড়ি উৎপাদনে অমাবস্যা ও পূর্ণিমার তিনটি তিথি পিছিয়ে পড়েছেন। এর ফলে তার বার্ষিক উৎপাদন হ্রাস পাবে বলে আশঙ্কা করছেন।

বাগেরহাট সদরের বারাকপুর মৎস্য আড়তের চিংড়ি রেণু ব্যবসায়ী আসাদুজ্জামান রিপন বলেন, গত তিন সপ্তাহ ধরে বাগদা চিংড়ি পোনার ‘মারাত্মক সংকট’ চলছে। বেশি দাম দিয়েও হ্যাচারি বা নদীর পোনা পাওয়া যাচ্ছে না। কবে রেণু সরবরাহ স্বাভাবিক হবে তা বলতে পারছেন না হ্যাচারি মালিকরা।

এ অবস্থা চলতে থাকলে ঘের ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে তার আশঙ্কা।

কক্সবাজারের অন্যতম বড় বাগদা রেণু উৎপাদনকারী রেডিয়েন্ট হ্যাচারির স্বত্ত্বাধিকারী শফিকুল ইসলাম চৌধুরী বিডিনিউ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাগরে ভালো মানের মা চিংড়ি মিলছে না। আমরা যে মা চিংড়ি পাচ্ছি তার শতকরা দশভাগ থেকে উৎপাদন পাওয়া যাচ্ছে। ছোট ডিমে রেণু কম হচ্ছে। ফলে রেণুর সংকট সৃষ্টি হয়েছে, বেড়েছে মা চিংড়ির দাম।”

এই অবস্থা আরো দুই মাস চলতে পারে। তাই চলতি মৌসুমে বাগদা চিংড়ি উৎপাদনে এর প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে, বলেন শফিকুল।

কক্সবাজারের এস. আলম হ্যাচারির ব্যবস্থাপক আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাসেনের প্রভাবে কিছুটা সমস্যা হয়েছে, সাগরে যাওয়া যায়নি। বর্তমানে সাগরে ভাল মানের মা মাছ মিলছে না। যেসব মা মাছ পাওয়া যাচ্ছে সেগুলো ছোট। সেগুলো থেকে ডিম আসছে না। ফলে অধিকাংশ হ্যাচারি উৎপাদনে যেতে পারছে না।

তিনিও এ বছর বাগদা চিংড়ি উৎপাদন ব্যাহত হবে বলে মনে করেন।

তবে চিংড়িচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে একমত নয় জেলা মৎস্য অফিস।

এই রেণু সংকটের পেছনে হ্যাচারির উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হওয়ার পাশাপাশি আগাম বৃষ্টিও দায়ী বলে মনে করছেন তারা।

তাদের মতে, আগাম বৃষ্টির কারণে মৌসুমের আগেই চাষিদের ঘেরগুলো মাছ ছাড়তে সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাওয়ায় রেণুর চাহিদা আকস্মিকভাবে বেড়েছে। কিন্তু হ্যাচারি মালিকরা এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন না, ফলে বাজারে সাময়িক সংকট দেখা দিয়েছে।

বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) নারায়ণ চন্দ্র মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হ্যাচারি মালিকরা চাহিদা অনুযায়ী পোনা সরবরাহ করতে পারছেন না। আবার চাহিদা বেড়ে যাওয়ায় তারা রেণুর দামও অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছেন। তবে এই পরিস্থিতি সাময়িক। শিগগিরই সংকট কেটে যাবে।

এর ফলে বার্ষিক উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে না।

বাগেরহাট জেলা মৎস্য বিভাগের হিসাব অনুযায়ী এ বছর জেলার নয়টি উপজেলায় ৩৯ হাজার বাগদা চিংড়ি ঘেরে চাষ হচ্ছে। জেলায় বাগদা চিংড়ির বার্ষিক উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫ হাজার ২৭১ মেট্রিক টন।