কর্ণফুলীর ঘাট শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার
কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর ১৬ ঘাটের শ্রমিকরা।
রোববার সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন ঘাট গুদাম শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল খালেক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ত্রাসীদের হামলায় আমাদের এক শ্রমিক আহত হওয়ায় আমরা সকালে কাজে যোগ দেয়া থেকে বিরত ছিলাম।”
সন্ধ্যায় প্রশাসন ও সংশ্লিষ্টদের বৈঠকে ৭২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দেয়ায় তারা কাজে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
এদিকে শ্রমিকদের একাংশের নেতা আলমগীর শরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা সকালে কাজে যোগ দিলেও ঘাট ঠিকাদাররা কাজ বন্ধ করে দিয়েছে।
“শ্রমিকরা কাজে যোগ দেয়ার কারণে তাদের শনিবারের মজুরি পরিশোধ করতে হবে। মজুরি পরিশোধ না করলে শ্রমিকরা ধর্মঘট চালিয়ে যাবে।”
