২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কর্মসংস্থানের অভাবে বাড়ছে অভ্যন্তরীণ অভিবাসন’

জলবায়ু পরিবর্তনের কারণে প্রচলিত কর্মসংস্থান লোপ পাওয়ায় অভ্যন্তরীণ অভিবাসন বাড়ছে বলে একটি আলোচনা সভায় বক্তারা মন্তব্য করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2013, 06:15 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

বিভিন্ন প্রাকৃতিক দুরযোগে উপকূলীয় অঞ্চলে কর্মসংস্থান বিশেষ করে কৃষিকাজের সুযোগ কমে যাওয়ায় ওই অঞ্চলের বাসিন্দারা অন্যত্র সরে যেতে বাধ্য হচ্ছে বলে মনে করেন তারা।

শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে ‘জলবায়ু পরিবর্তনের কারণে অভিবাসনে সুশাসনের ভূমিকা’ শিরোনামের এই সেমিনার হয়। ব্র্যাক ইউনিভার্সিটির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ক গবেষণা কেন্দ্র সিথ্রিইআর এর আয়োজন করে।

২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলায় বিধ্বস্ত উপকূলীয় জেলা সাতক্ষীরার শ্যামনগর থানার গাবুরা ও মুন্সীগঞ্জ ইউনিয়নে সিথ্রিইআর পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, এ এলাকাগুলোতে পানির লবণাক্ততা বেড়ে যাওয়ায় মানুষের জীবিকা ও খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

আইলার সময় সিডরে বিধ্বস্ত উপকূল রক্ষা বাঁধগুলোর চেয়েও উচুঁ জলোচ্ছ্বাসের কবলে পড়ে অনেক স্থানে বাধ সম্পূর্ণ ধসে যাওয়ার ঘটনাও ঘটেছে। জলোচ্ছ্বাসের ফলে বাড়িঘর, ফসলসহ সাতক্ষীরার অনেক মানুষ নিহত হয়। যারা বেঁচে গেছে তারা এখন পর‌্যন্ত চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।

২০০৯ সালে আইলার পরে ২০১০ সালে ব্যাপক খরা এবং ২০১১ ও ২০১২ সালে প্রচুর শিলাবৃষ্টির কবলে পড়ে সাতক্ষীরাবাসী। একের পর এক প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে গাবুরা ও মুন্সীগঞ্জের বেশিরভাগ মানুষ নিজেদের ভিটে ছেড়ে নিকটবর্তী সাতক্ষীরা শহর অথবা বাংলাদেশের অন্যান্য শহরে চলে যেতে বাধ্য হচ্ছে।

এ গবেষণায় দেখা গেছে, এ ধরনের স্থানীয় অভিবাসনের কারণ জলবায়ু পরিবর্তন হলেও এর সঙ্গে সুশাসনের একটি বড় ভূমিকা রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা, ভূমির অপরিকল্পিত ব্যবহার, কর্মসংস্থানের অনিশ্চয়তা, মৌলিক চাহিদা পূরণের সুযোগ ও নিরাপত্তার অভাব অভ্যন্তরীণ অভিবাসনের পাঁচটি মূল কারণ, যা মূলত সুশাসনের সঙ্গে সম্পর্কিত।

সেমিনারে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে সিথ্রিইআরের চেয়ারপারসন ও ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার‌্য অধ্যাপক আইনুন নিশাত।

তিনি বলেন,  “গবেষণার জন্য মাঠ পর‌্যায়ে গিয়ে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে তা থেকে বলতে পারি যে, কেউই নিজের বাড়িঘর খুশি মনে ছেড়ে যায় না। তাদের সবাই একটাই কথা বলে, আমাদের এখানে কাজের ব্যবস্থা করে দেন, আমরা এখানেই থাকতে চাই।”

গবেষণায় অন্তর্ভুক্ত এলাকা দুটির প্রতি ১০ জনের মধ্যে একজন অভিবাসী হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই দিনমজুর। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, সবাই স্থায়ীভাবে অভিবাসন করছে না। স্থায়ীভাবে অভিবাসী হওয়া মানুষের মধ্যে হিন্দুদের সংখ্যা বেশি।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে ২০৫০ সালের মধ্যে গাবুরার ২৪ থেকে ৩৫ হাজার এবং মুন্সীগঞ্জের ৩৭ থেকে ৪৯ হাজার মানুষ অভিবাসী হবে। যদি কোন ধরনের পদক্ষেপই না নেয়া হয় তাহলে দেশের ঊপকূলীয় অঞ্চলের ২ কোটি ৭২ লাখ থেকে ৩ কোটি ৬৯ লাখ ৩০ হাজার মানুষ অভিবাসী হবে।

অনুষ্ঠানে উপস্থিত গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুদুল আলমও কর্মসংস্থানের অভাবের সঙ্গে সুপেয় পানির চরম সঙ্কটের বিষয়টিকেই বেশি গুরুত্ব দেন। এছাড়া সুন্দরবন সংলগ্ন এই এলাকাগুলোতে বনদস্যুদের আধিপত্যের কারণে সুন্দরবনকেন্দ্রিক পেশাজীবীদের নিরাপত্তার অভাবেও কর্মসংস্থান কমে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধান অতিথি কম্প্রিহেনসিভ ডিজাসটার ম্যানেজমেন্ট প্রোগ্রামের অতিরিক্ত সচিব ও জাতীয় প্রকল্প পরিচালক মো. আব্দুল কাইয়ুম বলেন, ‘অভিবাসনের ফলে মানুষ যেসব শহরাঞ্চলে চলে আসছে সেগুলোর সামাজিক নিরাপত্তাও নিশ্চিত করার দিকে লক্ষ্য রাখতে হবে। আর যে কোনো উন্নয়ন প্রকল্প বা কার‌্যক্রমের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে তা যেনো সংশিষ্ট অঞ্চলের প্রয়োজনের ভিত্তিতে হয়, জনগণের মধ্যে জনপ্রিয়তা বাড়ানোর জন্য নয়।’