২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার গৃহকর্মী নির্যাতনের শিকার

ঢাকার একটি বাসায় এক গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2013, 04:01 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

নির্যাতনে অসুস্থ মর্জিনা খাতুনকে (১২) জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

না জানিয়ে বিস্কুট খাওয়ার কারণে গত ১৩ জুন থেকে কয়েক দফায় মর্জিনার উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেন তার স্বজনরা।

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার দাউদপুর রমারপাড়ার মোতালেব ফকিরের মেয়ে মর্জিনা আট মাস আগে ঢাকার তেজগাঁও ফকির বাজারের আড়ৎদার নাছিরের বাসায় কাজ করতে যায়।

মর্জিনার ভাবী সালমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৩ তারিখে বাসার লোকজনকে না জানিয়ে কিছু বিস্কুট খাওয়ার অপরাধে মর্জিনাকে ব্যাপক মারধর করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে গরম ইস্ত্রির ছ্যাঁকা দেয়া হয়।

মর্জিনার মাথা ফেটে গেছে, শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকার চিহ্ন দেখা যাচ্ছে। এ ঘটনার জন্য আইনের আশ্রয় নেবেন বলেও জানান সালমা।

তিনি আরো জানান, সপ্তাহকাল বাসায় আবদ্ধ রাখার পর বৃহস্পতিবার তাকে জামালপুরের ট্রেনে তুলে দেয় তারা। পরে ট্রেনের নিরাপত্তাকর্মী ও স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে।

জামালপুর মানবাধিকার কাউন্সিলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম জানান, মেয়েটিকে নির্যাতনের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।