অটিস্টিক শিশুদের আঁকা ছবি নিয়ে প্রদর্শনী শুরু
অটিস্টিক শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিয়ে তাদের সমাজের মূল ধারায় আনার লক্ষ্যে এই সব শিশুর আঁকা ছবি নিয়ে রাজধানীতে সপ্তাহব্যাপী প্রদর্শনী শুরু হয়েছে।
‘অটিস্টিক শিশুরা অপারগ নয় বরং তারা সৃজনশীল’ এই স্লোগান নিয়ে শনিবার বিকালে ধানমন্ডির দৃক গ্যালারিতে এই প্রদর্শনীর উদ্বোধন হয়।
অটিস্টিক শিশুদের জন্য বিশেষায়িত ঢাকার আটটি স্কুলের শিক্ষার্থীদের ১২০টি ছবি স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। আগামী ২৮ জুন পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে।
প্রদর্শনীতে স্থান পাওয়া ছবিগুলোতে অটিস্টিক শিশুদের ‘অকৃত্রিম ও অস্পষ্ট’ চিন্তার ছাপ রয়েছে। উঠে এসেছে বাংলাদেশের মানুষের প্রাত্যহিক জীবন, ঋতুবৈচিত্র্য, সংস্কৃতি, রূপকথা, মুক্তিযুদ্ধসহ নানা বিষয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার অধ্যাপক আবুল বারক আলভী প্রদর্শনীর উদ্বোধন করেন।
অটিস্টিক শিশুদের ছবি মূল্যায়ন করতে গিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সাধারণের চোখে এরা স্বাভাবিক নয়। কিন্তু আর দশটা স্বাভাবিক বাচ্চার মতোই এদের পর্যবেক্ষণের ক্ষমতা, সবকিছু খুঁটিয়ে দেখার প্রবণতা, আর কল্পনাশক্তি অসাধারণ। প্রদর্শনীতে স্থান পাওয়া প্রায় প্রতিটি ছবিই কিন্তু এ কথাই বলছে।”
অটিজমে শিশুর মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ ব্যাহত হয়, যা সাধারণত শিশুর জন্মের তিন বছরের মধ্যে প্রকাশ পেয়ে থাকে। এ ধরনের শিশুদের মস্তিষ্কের গঠন হয় অন্যদের চেয়ে আলাদা। ফলে তারা অন্যদের মতো করে নিজের যত্ন নেয়া শেখে না। নিজে নিজে কাপড় পরা, একা একা খাওয়া বা টয়লেট করা কিংবা অন্যদের কাছে নিজের প্রয়োজন বা ইচ্ছার কথা প্রকাশ করা শিখতেও তাদের সমস্যা হয়।
অধ্যাপক আলভী বলেন, “মজার ব্যাপার হচ্ছে, এরা যা কল্পনা করে তা প্রকাশের ধরনটা ভিন্ন। যেহেতু সমাজ এখনো এদেরকে স্বাভাবিকভাবে নিতে পারে না সেহেতু এরা নিজেরাই নিজেদের ভিতরে একটা আলাদা জগত তৈরি করে নেয়। তাই এদের সূর্যের রং হয় সবুজ, আর ছবির টিয়েপাখিটা সবুজের বদলে হয়ে যায় লাল।”
“আমরা যারা স্বাভাবিক তাদের এই সব শিশুর ধরনটা ধরতে জানতে হবে। এটা ধরতে পারলেই দেখা যাবে এদের ভাষাটা দিব্যি পড়া যাচ্ছে।”
অধ্যাপক আলভীর বক্তব্য সমর্থন করেন অটিস্টিক শিশুর অভিভাবক নাসরিন আহমেদ, যার দুই মেয়ে অনন্ত আর দুরন্তর ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে।
নাসরিন আহমেদ বলেন, “গত কয়েক বছর ধরেই এরা ছবি আঁকছে। এই সূত্রে বাইরের জগতের সঙ্গে এদের যে পরিচয়টা ঘটেছে তা এদেরকে অনেকখানিই স্বাভাবিক করেছে।”
এ বিষয়ে দুরন্তর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “এ্রর মধ্যেই ছবি আঁকায় দুটো পুরস্কার পেয়েছে দুরন্ত। বিভিন্ন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও অংশ নিচ্ছে এরা। সাফল্য মানুষকে আত্মবিশ্বাসী হতে শেখায়। সেই আত্মবিশ্বাসটা এরা অর্জন করেছে বৃহত্তর সামাজিক পরিসরে আর দশটা স্বাভাবিক বাচ্চার সাথে মেলামেশা ও প্রতিযোগিতায় অংশ নেয়ার মধ্য দিয়ে।”
তাই লোকলজ্জার ভয়ে এসব বাচ্চাদের ঘরে আটকে না রেখে এ ধরনের বিভিন্ন আয়োজনে অংশ নেয়ার সুযোগ করে দেয়ার জন্য এসব শিশুর অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
অটিস্টিক শিশুর প্রতি সংবেদনশীল আচরণের জন্যও সমাজের সব শ্রেণির মানুষের প্রতি অনুরোধ জানান তিনি।
অটিস্টিক শিশুর সংখ্যা নিয়ে বাংলাদেশে কোনো সরকারি হিসাব নেই। তবে একটি বেসরকারি পরিসংখ্যানে দেখা যায়, বাংলাদেশে প্রতি ১০ লাখ শিশুর মধ্যে ২৫০ জন অটিস্টিক।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রদর্শনীর আয়োজক সংগঠন হ্যান্সের উপদেষ্টা পরিষদের সদস্য নাইমুর রহমান এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্রান্ড বিল্ডিং ডিরেক্টর কে এস এম মিনহাজ উপস্থিত ছিলেন।
এই প্রদর্শনীর পৃষ্ঠপোষকতা করছে সার্ফ এক্সেল। মিডিয়া পার্টনার হিসাবে আছে ইংরেজি দৈনিক নিউ এইজ, রেডিও টুডে ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
আয়োজকরা জানান, প্রদর্শনীর সব ছবি বিক্রির জন্য উন্মুক্ত থাকবে। প্রতিটি ছবির ন্যূনতম দাম ধরা হয়েছে তিন হাজার টাকা। ছবি বিক্রির অর্থ প্রদর্শনীতে অংশ নেয়া শিশুদের হাতে তুলে দেয়া হবে।
