২৬ জুন গ্রীষ্মকালীন আবাসন মেলা
আগামী ২৬ জুন রাজধানীতে শুরু হচ্ছে আবাসন খাতের গ্রীষ্মকালীন মেলা।
দেশের আবাসন নির্মাতাদের আয়োজনে হোটেল রূপসী বাংলায় অনুষ্ঠিত হবে চার দিনব্যাপী ‘রিহ্যাব সামার ফেয়ার ২০১৩’।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানিয়েছে উদ্যোক্তা সংস্থা রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
সংবাদ সম্মেলনে রিহ্যাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান জানান, এবারের মেলায় মোট ১২৩টি প্রতিষ্ঠান অংশ নেবে, যার মধ্যে রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার ১২০টি, নির্মাণসামগ্রীর একটি এবং অর্থলগ্নীকারী দুটি প্রতিষ্ঠান রয়েছে।
তিনি বলেন, মেলায় প্রবেশের দুধরনের টিকেট থাকবে। ৫০ টাকা মূল্যের টিকেট একবার প্রবেশের জন্য এবং ১০০ টাকা মূল্যের টিকেট মেলাব্যাপী প্রতিদিন প্রবেশের জন্য।
টিকেট বিক্রির অর্থ সামাজিক কল্যাণমূলক কাজে ব্যয় করা হবে বলে জানান তিনি।
মেলায় মেডিয়েশন এন্ড কাস্টমার সার্ভিস সেলের অধীনে একটি তথ্যকেন্দ্র থাকবে, যেখান থেকে মেলার প্রর্দশিত যে কোনো প্রকল্প সর্ম্পকিত তথ্য সংগ্রহ করতে পারবেন ক্রেতারা।
২৬ জুন শুরুর দিনে মেলা দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ২৭ থেকে ২৯ জুন সকাল ১০টা থেকে রাত ৯টা সাধারণ দর্শকদের জন্য খোলা থাকবে।
রিহ্যাবের সহ-সভাপতি মো. আব্দুর রশীদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন প্রকৌশলী সরওয়ার্দ্দী ভূঁইয়া ও আসাদুর রহমান জোয়ার্দ্দার।
