২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী বিরোধ নিষ্পত্তিতে ট্রাইব্যুনাল

সদ্য শেষ হওয়া চার সিটি করপোরেশনে মেয়র-কাউন্সিলর পদে নির্বাচনী বিরোধ নিষ্পত্তিতে নির্বাচনী ও আপিল ট্রাইব্যুনাল গঠন করেছে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2013, 01:25 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

ইসি সচিবালয়ের (আইন শাখা) জ্যেষ্ঠ সহকারী সচিব মুহাম্মদ মোশাররফ হোসাইন জানান, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটের যুগ্ম জেলা ও দায়দা জজের নেতৃত্বে নির্বাচনী ট্রাইব্যুনাল এবং জেলা ও দায়রা জজের সমন্বয়ে নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

১৫ জুন এ চার সিটিতে মেয়র পদে চার জন, সাধারণ কাউন্সিলর পদে ১১৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জন নির্বাচিত হয়েছেন। এতে মেয়র পদে ১২ জন, সাধারণ কাউন্সিলর পদে ৬৪৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৯১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনের চার দিন পর নির্বাচনী বিরোধ সংক্রান্ত দরখাস্ত গ্রহণ, শুনানি ও নিষ্পত্তির লক্ষ্যে বুধবার এই দুই ট্রাইব্যুনাল গঠন করা হয়।

স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন অনুযায়ী, ভোটের ফল গেজেটে প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করা যাবে। মামলা দায়েরের ছয় মাসের মধ্যে (১৮০ দিন) তা নিষ্পত্তির বিধান রয়েছে।

নির্বাচনী ট্রাইব্যুনালের মামলা রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে আপিল করা যাবে। এ আপিলের ১৮০ দিনের মধ্যে তা নিষ্পত্তির বাধ্যবাধকতা রয়েছে।

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ জানিয়েছেন, নির্বাচিত মেয়র-কাউন্সিলরের নাম যথাশিগগির গেজেটে প্রকাশ করা হবে।

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে এ চার সিটির জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হবে।

১৫ দিন সময় পেলো ৪১টি নতুন দল

এদিকে নিবন্ধন পেতে আগ্রহী ৪১টি রাজনৈতিক  দল তথ্য ‘পূর্ণাঙ্গ’ করতে আরো ১৫ দিন সময় পেয়েছে। সেই সঙ্গে মাত্র দুটি দলের কেন্দ্রীয়, জেলা, উপজেলার দাপ্তরিক কাঠামো যাচাইয়ে নেমেছে নির্বাচন কর্মকর্তারা।

দশম সংসদ নির্বাচনে অংশ নিতে নিবন্ধনে আগ্রহী ৪৩টি দলের আবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন।

ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মেছবাহ উদ্দিন আহমদ জানান, কমিশন গত ১০ জুন সবার আবেদন ও দলিলাদি পর্যবেক্ষণ করে কিছু সময় দেয়ার সিদ্ধান্ত নেয়।

এ ছাড়া বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট নামে দুই দলের মাঠপর্যায়ের তথ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

ইতোমধ্যে তথ্য যাছাইয়ে জেলা-উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দলের সাধারণ সম্পাদকের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে উল্লেখ করেন নিবন্ধন বাছাই কমিটির সদস্য সচিব।

অপূর্ণাঙ্গ তথ্য দেওয়া ৪১টি দলের একটি নিউ সংসদ লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম জানান, ১৬ জুন ইসির চিঠি পেয়েছেন তিনি। দলীয় কমিটিতে ৩৩ শতাংশ নারী ও কমিটির সব পর্যায়ে নির্বাচিত প্রতিনিধি রাখার বিষয়ে তথ্য পূর্ণ করতে বলা হয়েছে চিঠিতে।

“আমাদের দ্বিবার্ষিক কাউন্সিল হতে দেরি আছে। তারপরও নিবন্ধন পেলে নির্বাচিত কমিটি দেয়া হবে। ২০২০ সালের মধ্যে ৩৩ শতাংশ নারী অন্তর্ভুক্তির বিষয়টি জানিয়ে কমিশনকে জবাব দিয়েছি।”

আগামী অক্টোবর-জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচনের কথা রয়েছে। বর্তমানে নিবন্ধিত দল রয়েছে ৩৯টি।

পুরনো খবর:

নিবন্ধনে আগ্রহী ৪৩ দলের ‘অধিকাংশই অযোগ্য’