বাগেরহাটে ইউপি সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
পুলিশের উপর হামলার মামলায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার এক ইউপি সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার শ্যামবাগাত বাসস্ট্যান্ড থেকে পিলজংগ ইউনিয়ন পরিষদ সদস্য মোদাচ্ছের মল্লিককে (২৭) গ্রেপ্তার করা হয়।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সহযোগী জুয়েলের বাড়ি থেকে একটি বিদেশি রিভলবার, তিনটি তাজা গুলি ও দুটি গুলির খোসা এবং দুটি ককটেল উদ্ধার করা হয়।
এই ঘটনায় ফকিরহাট থানা পুলিশ মোদাচ্ছের ও জুয়েলের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করেছে।
শনিবার দুপুরে আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয়।
গত ৬ মে বাগেরহাট-খুলনা সড়কের ফকিরহাট উপজেলার কাঁঠালতলা থেকে কাটাখালী মোড় পর্যন্ত হেফাজতে ইসলামের বিক্ষোভ কর্মসূচির সময় গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর এবং পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশের করা মামলার তিনি আসামি।
ফকিরহাট থানার ওসি গোলাম মোস্তফা বলেন, গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর এবং পুলিশের উপর হামলার মামলায় ইউপি সদস্য মোদাচ্ছের মল্লিক আসামি।
তিনি হেফাজতে ইসলামের সংগঠিত নাশকতামূলক কর্মসূচিতে নেতৃত্ব দেন।
পিলজংগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান শামীম জামান পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোদাচ্ছেরের বিরুদ্ধে ফকিরহাট থানায় একাধিক মামলা রয়েছে।
