২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হিরনের বক্তব্যের প্রতিবাদ হাসানাতপন্থীদের

শওকত হোসেন হিরন নির্বাচনে পরাজয়ের জন্য আবুল হাসানাত আব্দুল্লাহকে দায়ী করার প্রতিবাদ করেছেন হাসানাত সমর্থকরা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2013, 11:42 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

শনিবার বরিশাল জেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।

গত ১৫ জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে শওকত হোসেন হিরন ১৮ দল সমর্থিত প্রার্থী আহসান হাবিব কামালের কাছে পরাজিত হন।

এর তিনদিন মঙ্গলবার নির্বাচনোত্তর এক কর্মীসভায় হিরন অভিযোগ করেন, আবুল হাসনাত আব্দুল্লাহ ও তার সমর্থকরা তার প্রতিপক্ষ প্রার্থী আহসান হাবিব কামালের জন্য কাজ করেছেন।

নগরীর আইনজীবী সমিতি ভবনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা কৃষকলীগের সভাপতি সাইফুল আলম গিয়াস।

সাইফুল আলম গিয়াস বলেন, শওকত হোসেন হিরন পরাজিত হওয়ার সমস্ত দায়ভার আবুল হাসানাত আব্দুল্লাহর উপর চাপিয়েছেন, যা উদোর পিন্ডি, বুধোর ঘাড়ে চাপানোর অপচেষ্টামাত্র।

“আমরা শওকত হোসেন হিরনের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি,” বলেন সাইফুল।

হাসনাত নির্বাচনে হিরনের জন্য কাজ করেছেন বলেও সাইফুল দাবি করেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মহিলা লীগের সভানেত্রী মাহেরু বেগম, সাধারণ সম্পাদক ফেরদৌস জাহান মুন্নী, যুবলীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল করিম শাহিন, আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক মজিবর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জগলুল হায়দার শাহিন, জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক প্রমুখ।

এর আগে বৃহস্পতিবারও বরিশাল প্রেস ক্লাবে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন বরিশালের ১০ উপজেলার হাসনাতপন্থী নেতারা।