২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্বৃত্তরা পুড়িয়ে মেরেছে মাদ্রাসাছাত্রীকে

ফেনীর ফুলগাজীতে এক মাদ্রাসাছাত্রীকে কেরোসিনের আগুনে পুড়িয়ে মেরেছে দুর্বৃত্তরা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2013, 10:59 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

সাতদিন মৃত্যুর সাঙ্গে পাঞ্জা লড়ে শনিবার হাসপাতালে আকলিমা আক্তার (১৪) মারা যায়।

আলিমা ফুলগাজীর উত্তর দৌলতপুর গ্রামের ঘনিয়া মোড়া এলাকার কাজী শফিকুর রহমানের মেয়ে।

সে স্থানীয় দারুল উলুম মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, মাদ্রাসায় যাওয়া-আসার পথে এলাকার বখাটে মোহাম্মদ সুমন (২০), মোহাম্মদ কামাল (২০), শান্তু সাহা (২০) আকলিমাকে উত্ত্যক্ত করত।

গত রোববার (১৬ জুন) রাতে প্রাকৃতিক কাজে ঘর থেকে বের হলে আগে থেকে অবস্থান নেয়া মোহাম্মদ সুমনসহ ৪/৫ জন বখাটে তার মুখ চেপে ধরে গাছের সঙ্গে বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়।

চিৎকার শুনে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে।

পরদিন তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে।

সেখানে শনিবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় আকলিমার বড়ভাই আসাদুর রহমান বাদী হয়ে শুক্রবার তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ছয় জনকে আসামি করে ফুলগাজী থানায় একটি মামলা দায়ের করেছেন।

আসামিরা পলাতক থাকায় পুলিশ শুক্রবার রাতে সুমনের ছোটভাই সোহাগ ও শান্তু সাহার বাবা জহর লালকে আটক করেছে।

দারুল উলুম মাদ্রাসার সুপার মাওলানা মনিরুল ইসলাম জানান, আকলিমা মেধাবী ছাত্রী ছিল। তিনি তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ফুলগাজী থানার ওসি সোলায়মান চৌধুরী বলেন, দুই জনকে আটক করা হয়েছে। প্রকৃত আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।