২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অলাভজনক শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করুন: শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অলাভজনক প্রতিষ্ঠান তৈরির জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2013, 10:54 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

তবে কোনো অবস্থাতেই শিক্ষা নিয়ে বাণিজ্য করতে দেয়া হবে না বলে সতর্ক করে দেন তিনি।

শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) মিলনায়তনে এক সেমিনারে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

নাহিদ বলেন, পৃথিবীর কোনো দেশেই শুধু সরকারি অর্থায়নে শিক্ষা পরিচালনা করা সম্ভব নয়। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষায় উন্নতির জন্য দেশের ধনীক শ্রেণির অংশগ্রহণ অত্যাবশ্যক।

“আপনারা শিক্ষা খাতে অলাভজনক প্রতিষ্ঠান গড়ে তুলে দেশের শিক্ষার উন্নয়নে ভৃমিকা রাখুন। তাই বলে আপনারা শিক্ষা নিয়ে ব্যবসা করতে পারবেন না।”

দেশের বেশিরভাগ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানই ভুঁইফোর ও ব্যবসা নিয়ে ব্যস্ত বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

তিনি জানান, আন্তর্জাতিক নীতি অনুসরণ করে আফ্রিকার দেশগুলিতে শিক্ষা খাতে জিডিপির ছয় ভাগ বরাদ্দ দেয়া হলেও বাংলাদেশে তা মাত্র দুই ভাগ দেয়া হয়।

“আমার যা সম্পদ আছে তা দিয়েই শিক্ষা খাতে উন্নতি করবার চেষ্টা করছি,” যোগ করেন শিক্ষামন্ত্রী।

খুব শীগগিরই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান পর‌্যালোচনা করে শর্ত লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান মন্ত্রী।

বর্তমান সরকারের আমলে শিক্ষার ব্যাপক উন্নতি হয়েছে দাবি করে তিনি বলেন, আগামী জানুয়ারিতে ৩০ কোটি বই বিনামূল্যে বিতরণের প্রক্রিয়া চলছে। চলতি বছর ২৭ কোটি বই বিনামূল্যে শিক্ষার্থীদের কাছে বিতরণে করা হয়েছে।

ডিসিসিআই সভাপতি মো সবুর খানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য  আতফুল হাই শিবলীও বক্তব্য রাখেন।