২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিঁড়ি থেকে পড়ে চীনা প্রকৌশলীর মৃত্যু

‘সিঁড়ি থেকে পড়ে’ চট্টগ্রামের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) এক চীনা প্রকৌশলীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2013, 09:55 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

মৃত প্রকৌশলীর নাম কু-জিয়ারিং (৪০) বলে কর্তৃপক্ষ ও পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সোয়া ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় কু-জিয়ারিংকে হাসপাতালে আনা হয়।

চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ২টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

উঁচু স্থান থেকে পড়ে কু-জিয়ারিং আহত হয়েছিলেন বলে হাসপাতালের রেজিস্ট্রারে লেখা আছে বলে জানান তিনি।

এ ব্যাপারে কাফকোর জেনারেল ম্যানেজার আলী আশরাফ মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি প্লান্টে কাজ শেষে সিঁড়ি বেয়ে নামার সময় প্রায় দুই মিটার উঁচু থেকে তিনি মাথা ঘুরে পড়ে যান।

এ সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।

কর্ণফুলী থানার ওসি মাহিউদ্দিন আহমেদ বলেন, “এ বিষয়ে কাফকো কর্তৃপক্ষ কিছু অবহিত করেনি। তবে বিষয়টি আমরা জানতে পেরেছি এবং এ ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।”