ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল শুরু
সিলেটে দুই দফায় আটঘণ্টা অবরোধের পর শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম রোকন উদ্দিন জানান, বেলা ২টায় শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।
বুধবার রাতে ওই এলাকায় ট্রাকচাপায় এক সিএনজি আটোরিকশাযাত্রী নিহত হন।
এর জেরে ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাঠানটুলা, সুবিদবাজার ও মদিনা মার্কেট এলাকায় ২০-২৫ জন যুবক সিলেট সুনামগঞ্জ সড়কে চলাচলকারী অন্তত ৩০টি ট্রাকে ভাংচুর চালায়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, পাঠানটুলায় ট্রাক ভাংচুরের প্রতিবাদে শুক্রবার রাত পৌনে ১০টা থেকে শ্রমিকরা নগরীর হুমায়ুন রশিদ চত্বরে অবরোধ করে।
ফলে ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। রাস্তার দুপাশে শতশত যানবাহন আটকা পড়ে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, ট্রাক ভাংচুরের ঘটনায় এলাকার শতাধিক লোককে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার বলেন, বিষয়টি সুরাহায় প্রশাসনের সঙ্গে বৈঠকের পর শ্রমিকরা কর্মসূচি প্রত্যাহার করেছে।
সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টার পর থেকে সকাল ৮টা পর্যন্ত নগরীতে ট্রাক চলাচল করবে, বলেন তিনি।
