চট্টগ্রামে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু
চট্টগ্রাম নগরীতে আগুনে পুড়ে মারা গেছে এক ব্যক্তি।
শনিবার দুপুরে নগরীর রেয়াজউদ্দিন বাজারের তিনপুলের মাথায় মোতালেব মার্কেটে অগ্নিকাণ্ডে নিহত এস এম কামরুল আহসান (৪০) বোয়ালখালী উপজেলার পোপাদিয়া গ্রামের সৈয়দ আহমদের ছেলে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
নন্দনকানন ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা শরফুল আহসান ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোতালেব মার্কেটের চারতলা ভবনের তিনতলায় কয়েকজন ব্যাচেলর থাকে। সেখান থেকে আগুনের সূচনা।
এ ঘর থেকে অগ্নিগগ্ধ কামরুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস কর্মীরা।
রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন শরফুল।
চমেক পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানান, বেলা সোয়া ১টার দিকে কামরুলকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
