২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চালে ক্যাডমিয়াম, স্বাস্থ্যঝুঁকি

দেশের চালে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর ধাতব পদার্থ ক্যাডমিয়াম পাওয়া গেছে উচ্চমাত্রায়, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফয়জুল সিদ্দিকী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2013, 04:01 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

সম্প্রতি আমেরিকান কেমিক্যাল সোসাইটির (এসিএস) এক গবেষণায় বিশ্বের ১২টি দেশে উৎপাদিত চালে উচ্চ মাত্রার ক্যাডমিয়াম সনাক্ত হয়েছে, যার মধ্যে বাংলাদেশ রয়েছে শীর্ষে।

যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের এই গবেষণার সঙ্গে আংশিক একমত হয়েছেন দেশের বিশেষজ্ঞরাও। তবে তারা বলছেন, সব স্থানের নয়, বিশেষ কয়েকটি এলাকায় উৎপাদিত চালে ক্যাডমিয়াম রয়েছে।

নিম্ন মানের সার ব্যবহার এবং শিল্পবর্জ্য চালে ক্যাডমিয়াম ঢুকে পড়ার কারণ বলে মনে করছেন বিজ্ঞানীরা।

তারা বলছেন, ক্যাডমিয়াম বিষক্রিয়ায় ক্যান্সার, হৃদ রোগ এবং কিডনি জটিলতা দেখা দিতে পারে।

এসিএসের গবেষণায় বলা হয়, বাংলাদেশের চালে প্রতি কেজিতে ক্যাডমিয়ামের পরিমাণ .০১ থেকে .৩ পিপিএম পর্যন্ত এবং এর পরিমাণ বাড়ছে।

কানাডিয়ান ফুড ইন্সপেকশন এজেন্সি (সিএফআইএ) সম্প্রতি তাদের দেশে চালে ক্যাডমিয়ামের উপস্থিতি .০০৫৪ থেকে .০৫০৫ পিপিএম পেয়ে তা নিরাপদ বলে জানিয়েছে।

এসিএসের গবেষণায় দেখা যায়, চালে ক্যাডমিয়ামের উপস্থিতির ক্ষেত্রে বাংলাদেশের পরই শ্রীলঙ্কার অবস্থান। এছাড়া ক্যাম্বেডিয়া, ঘানা, ভারত, ইতালি, জাপান, নেপাল, স্পেন, থ্যাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের চালেও ক্যাডমিয়ামের উপস্থিতি রয়েছে।

বাংলাদেশ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই) ঊর্ধ্বতন এক বৈজ্ঞানিক কর্মকর্তা শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশের শিল্পাঞ্চল এলাকার ধানী জমিতে ক্যাডমিয়ামের পরিমাণ বাড়ায় তা চালে চলে আসছে।

“চালে ক্যাডমিয়ামের প্রধান কারণ জমিতে নিম্ন মানের টিএসপি সার প্রয়োগ এবং গার্মেন্টস, ওষুধ কারখানা, টেক্সটাইল, ট্যানারির অপরিশোধিত বর্জ্য পানিতে মিশে তা নদীসহ জলাশয়ের পানিতে ক্যাডমিয়ামের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে।”

ওই পানি জমিতে আসায় তা গাছের মধ্য দিয়ে চালে চলে আসছে।

তবে বাংলাদেশের সব অঞ্চলের চালে ক্যাডমিয়াম উচ্চ মাত্রায় নেই বলে দাবি করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ব বিভাগের অধ্যাপক আব্দুল্লাহিল বাকী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা ও এর পার্শ্ববর্তী অঞ্চলের লাল মাটিতে ক্যাডমিয়ামের উপস্থিতি রয়েছে।

এছাড়াও শিল্পাঞ্চল এলাকার বিশেষ করে ট্যানারি শিল্পের বর্জ্য ব্যবহারের ফলে চালে অতিরিক্ত মাত্রায় ক্যাডমিয়াম প্রবেশ করতে পারে।

যুক্তরাষ্ট্রের গবেষণার বিষয়ে এই অধ্যাপক বলেন, “তারা (আমেরিকান কেমিকেল সোসাইটি) সম্ভবত যথেচ্ছ পদ্ধতিতে নমুনা সংগ্রহ করে গবেষণা করেছে। আমি হলফ করে বলতে পারি, বেলে মাটি ও উত্তরাঞ্চলের জমিতে এখনো ক্যাডমিয়ামের উপস্থিতি নেই।”

নাম প্রকাশে অনিচ্ছুক এসআরডিআইয়ের ওই বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন, গত বছর তারা সারা দেশ থেকে সারের নমুনা পরীক্ষা করে দেখেছেন, ডিলারদের মাধ্যমে বিক্রি হওয়া প্রায় ৫০ শতাংশ সারে ভেজাল রয়েছে।

পরীক্ষায় ভেজাল জিংক সালফেট ও জিপসাম সারের মধ্যে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকারক ক্যাডমিয়ামসহ অন্যান্য ধাতব পদার্থও পাওয়া গেছে বলে জানান তিনি।

মানবদেহে ক্যাডমিয়ামের প্রতিক্রিয়ার বিষয়ে অধ্যাপক আব্দুল্লাহিল বাকী বলেন, “মানব শরীরে অতিরিক্ত ক্যাডমিয়াম জমা হলে মারাত্মক বিষক্রিয়ায় ক্যান্সার, হৃদ রোগ এবং কিডনি রোগ দেখা দিতে পারে।”

যে সব অঞ্চলের আবাদী জমিতে ক্যাডমিয়ামের উপস্থিতি রয়েছে, তা কমিয়ে আনতে যথাযথ পদক্ষেপ নেয়ার ওপর জোর দিয়েছেন তিনি।

এক্ষেত্রে তার পরামর্শ, সব হেভিমেটাল অপসারণে ‘ফাইটোরেমিডিয়েশন’ প্রক্রিয়া অনুসরণ করা। এই প্রক্রিয়ায় আগাছা জাতীয় উদ্ভিদ চাষের মাধ্যমে জমি থেকে ক্ষতিকর হেভিমেটাল অপসারণ করা হয়।

এছাড়াও সারের ‘পিওরিটি এনালাইসিস’ করে তাতে ক্যাডমিয়াম আছে কি না যাচাই করে এরপরই জমিতে তা প্রয়োগের পরামর্শ দেন কৃষি বিজ্ঞানের এই অধ্যাপক।