জাতিসংঘে স্থায়ী প্রতিনিধির জন্য ফ্ল্যাট
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের স্থায়ী প্রতিনিধির জন্য নিউ ইয়র্কে একটি ফ্ল্যাট কেনা হয়েছে।
জাতিসংঘ সদরদপ্তরের কাছে ম্যানহাটনে অবস্থিত ওই ফ্ল্যাটের দাম সোয়া তিন লাখ ডলার পড়েছে বলে বাংলাদেশ সংবাদ সংস্থা(বিএসএস)জানিয়েছে।
মিশনের সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে শুক্রবার বিএসএসের প্রতিবেদনে বলা হয়, তিন হাজার তিনশ’ বর্গফুটের ফ্ল্যাট যুক্তরাষ্ট্রের সরকারি সম্পত্তি হওয়ায় তা সুলভ মূল্যে কেনা সম্ভব হয়েছে।
মিশন প্রধানের আবাসনের জন্য ফ্ল্যাট কেনায় প্রতি মাসে এ খাতে বাংলাদেশ সরকারের ১০ হাজার ডলার ব্যয় সাশ্রয় হবে বলে প্রতিবেদনে বলা হয়।
সম্প্রতি মিশন মিলনায়তনে অনাড়ম্বর এক অনুষ্ঠানে মিশনের স্থায়ী প্রতিনিধি এ কে আব্দুল মোমেন ফ্ল্যাট কেনার দলিলে সই করেন।
তিনি বলেন, “নিঃসন্দেহে এটি আমাদের জন্য একটি সুখবর। এতে বাংলাদেশ সরকারের আর্থিক সাশ্রয় হবে। আমরা এখানে একটি ফ্ল্যাটের মালিকানা অর্জন করতে পেরেছি।”
নিউ ইয়র্কে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্র সফররত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের জন্য বাংলাদেশের সেনা ও পুলিশ সদস্যদের ফরাসি ও আরবি ভাষাও শেখানোর উদ্যোগ নেয়া হচ্ছে।
বৃহস্পতিবার রাতে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে স্থানীয় আওয়ামী লীগের এক সমাবেশে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী একথা বলেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিউ ইয়র্ক প্রতিনিধি জানান।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “বিভিন্ন মিশনে আমাদের সেনাবাহিনী ও পুলিশ বাহিনী দাঙ্গা-হাঙ্গামা নিরসনে অবিস্মরণীয় ভূমিকা পালন করে চলেছে। গোলযোগ কমে যাওয়ায় ওইসব অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায়ও বাংলাদেশি সৈন্য ও পুলিশকে ব্যবহার করতে চায় জাতিসংঘ। সেসব দেশের মানুষকে শান্তি ও প্রগতির পথে উদ্বুদ্ধ করতে তাদের ভাষা ও সংস্কৃতির সাথে পরিচিত হওয়া দরকার বলেই আমরা আমাদের পুলিশ বাহিনীকে ফরাসি ও আরবিসহ কয়েকটি ভাষা শেখাচ্ছি।”
গত ১৯ জুন নিউ ইয়র্কে এসে পরদিন জাতিসংঘের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী।
