২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে শিক্ষকদের বাধায় বসেনি সিনেট  অধিবেশন

উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষকদের বাধার মুখে আটকে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটের বাজেট অধিবেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2013, 03:35 PM

Updated : 25 Apr 2022, 06:53 PM

শুক্রবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে  এই অধিবেশন হওয়ার কথা ছিল। কিন্তু আগে থেকেই ভবনের সামনে অবস্থান নিয়ে সেখানে ঢুকতে বাধা দেন শিক্ষক সমিতির সদস্যরা।

উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের নেতৃত্বে দুই জন উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, নিবন্ধক এবং সিনেটের কয়েক জন সদস্য বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বৈঠক করেন।

এরপর উপাচার্য বলেন, “সিনেট অধিবেশনে বসার মতো উপস্থিতি  আমাদের ছিল। কিন্তু শিক্ষকরা বাধা দেয়ার কারণে আমরা তা করিনি।”

এই অধিবেশনে গত অর্থবছরের সংশোধিত বাজেট পাশের পাশাপাশি আগামী ২০১৩-১৪ অর্থবছরের বাজেট উত্থাপনের কথা ছিল।

তবে সিনেট অধিবেশন না হওয়ায় আগামী অর্থবছরের বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে তা কোনো বাধা হয়ে দাঁড়াবে না বলে জানান বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডীন কামরুল আহসান।

তিনি জানান, আগামী অর্থবছরের বাজেট ইতোমধ্যে সিন্ডিকেট সভায় পাশ হয়েছে। আর প্রয়োজনীয় সংখ্যক সিনেট সদস্যের সম্মতি নিয়ে আগামীতে এটা প্রকাশ করা হবে।

উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষকরা আগের দিন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাও আটকে দেন।

এ বিষয়ে উপাচার্য আনোয়ার হোসেন বলেন, “এভাবে সভা করতে বাঁধা দিলে গণতান্ত্রিক চর্চা ও মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হবে। এ ধরনের আচরণ কোনো প্রতিষ্ঠানের  জন্য শুভ ফল বয়ে আনবে না।”

সম্প্রতি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদের বিরুদ্ধে অর্থনীতি বিভাগের এক শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে।

ওই ঘটনার যথাযথ বিচার হয়নি বলে অভিযোগ তুলে উপাচার্য আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষক সমিতি।

ছাত্র-শিক্ষকদের দাবির মুখে গত বছর উপাচার্য শরীফ এনামুল কবীর পদত্যাগ করার পর জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের শিক্ষক আনোয়ার হোসেন।