রাজধানীতে ৩০ হাজার ইয়াবা উদ্ধার, ছাত্রীসহ গ্রেপ্তার ৬
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় এক কলেজ ছাত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মশিউর রহমান জানান, বৃহস্পতিবার বিকাল ও রাতে কমলাপুর, রামপুরা ও নাজিমউদ্দিন রোড এলাকা থেকে ছয় জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মোট ৩০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।
গ্রেপ্তাররা হলেন- ম্যানিলা চৌধুরী, কুলসুম বেগম, আবু তাহের, মো. খালেদ, জানে আলম ও মো. আসিফ।
এদের মধ্যে ম্যানিলা সরকারি তিতুমীর কলেজের ফিন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলে অতিরিক্ত উপ-কমিশনার জানান।
তিনি বলেন, ম্যানিলার বাবা প্রয়াত জাদব চৌধুরীও মাদক চোরাকারবারে জড়িত ছিলেন। তার মাধ্যমেই ম্যানিলা এই চক্রের সঙ্গে জড়িয়েছেন।
মশিউর রহমান জানান, বৃহম্পতিবার বিকালে নাজিমউদ্দিন রোডে নীরব হোটেলের কাছ থেকে ৯ হাজার ইয়াবা বড়িসহ জানে আলম ও আসিফকে গ্রেপ্তার করা হয়। এই দুজনের তথ্যের ভিত্তিতে সন্ধ্যার পরে বনশ্রী এলাকা থেকে ৪ হাজার ইয়াবা বড়িসহ কুলসুম নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
এরপর জিজ্ঞাসাবাদে কুলসুম তিন ইয়াবা ব্যবসায়ীর নাম বলেন। তার তথ্য অনুযায়ী রাত সোয়া ১২টার দিকে কমলাপুরে অভিযান চালিয়ে ম্যানিলা চৌধুরী, আবু তাহের ও খালেদকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে ১৭ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।
তিনি বলেন, “ম্যানিলা ঢাকা ও চট্রগামের বিভিন্ন অভিজাত এলাকায় ইয়াবা সরবরাহ করে থাকে। সে মাদক চোরাকারবারীদের একটি চক্রের সঙ্গে জড়িত। মূলত তরুণ-তরুণীদের নিয়ে এই চক্র গড়ে উঠেছে।”
পুলিশের বক্তব্য অনুযায়ী, তাহের চোরাই পথে টেকনাফ ও মিয়ানমার থেকে ঢাকায় ইয়াবা এনে বিক্রেতাদের দেয়। আর জানে আলম তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করে মূল ‘ব্যবসায়ীদের’ কাছে পৌঁছে দেয়।
এই চক্রের সঙ্গে জড়িত আব্দুস শুকুর নামে একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা মশিউর।
তিনি বলেন, শুকুর মিয়ানমার ও কক্সবাজার এলাকায় অবস্থান করেন। তিনি ২০০৭ সালে শুক্রাবাদে ব্র্যাক ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন।
ম্যানিলার বাবা জাদব চৌধুরী ও শুকুর একই গ্রুপের সদস্য ছিলেন জানিয়ে তিনি বলেন, “ডাকাতি ছাড়াও ইয়াবা ব্যবসা করতেন তারা। বাসায় বড় প্যাকেট থেকে বের করে ছোট প্যাকেটে ইয়াবা ভরতো ম্যানিলা। এ থেকেই তার এই ব্যবসায় জাড়িয়ে পড়া।”
এরই এক পর্যায়ে ৫ হাজার পিস ইয়াবাসহ র্যাবের কাছে ধরা পড়েন ম্যানিলা। ওই মামলায় সাজাভোগের সময় কারাগারে পরিচয় হওয়া কয়েকজন নারী বন্দিকে ইয়াবা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত করেন তিনি। কুলসুম তাদেরই একজন।
মাদক মামলায় ১০ মাস কারাভোগের পর গত ৪ জানুয়ারি কারাগার থেকে ছাড়া পান ম্যানিলা। সেদিন তাকে নিয়ে বাসায় ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান জাদব চৌধুরী।
