২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়ির অপহৃত আ. লীগ নেতা মুক্ত

অপহরণের ছয়দিন পর ফিরে এসেছেন খাগড়াছড়ির গুইমারা থানা আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও তার গাড়ি চালক মো. হারুন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2013, 01:29 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

শুক্রবার বিকালে মহালছড়ি উপজেলার কুকিছড়া অরণ্যে ছেড়ে দেয়ার পর সেনাবাহিনী তাদের উদ্ধার করে।

গুইমারা থানার ওসি বশির আহম্মদ জানান, অপহৃত জাহাঙ্গীর মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন।

গত রোববার (১৬ জুন) একদল অস্ত্রধারী মাটিরাঙ্গা উপজেলার বাইল্যাছড়ি ব্রিজ এলাকা থেকে তাদের অপহরণ করে।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলম জানান, অপহৃত জাহাঙ্গীর আলমকে উদ্ধারে আমরা সামাজিক উদ্যোগ নিয়েছি। এতে অপহরণকারীরা কোনো শর্ত ছাড়াই তাকে ছেড়ে দিতে সম্মত হয়েছে।

এদিকে গুইমারা সেনা রিজিয়নের মেজর হাসান আরাফাত জানান, মুক্তিপ্রাপ্তরা নিরাপদে বাড়ি ফিরেছেন।

অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করতে পারায় তাকে ছেড়ে দিয়েছে বলে দাবি করেন এই সেনা কর্মকর্তা।

মুক্তি পেয়ে জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, মুক্তি পেয়ে তিনি নিজেকে একটি জঙ্গলে দেখতে পান। পরে সেনাবাহিনীর সহায়তায় বাড়ি পৌঁছেন।

তবে কোনো মুক্তিপণ দেননি বলে জানান তিনি।

অপহরণকারীদের পরিচয় সম্পর্কেও তিনি কিছু জানাতে পারেননি।