সম্প্রচারে বছর পার করল একাত্তর
বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর সম্প্রচারের প্রথম বর্ষপূর্তি উদযাপন করছে।
শুক্রবার বারিধারায় একাত্তর টেলিভিশনের কার্যালয়ে বর্ষপূর্তির অনুষ্ঠানে এই এক বছরের পথ চলার সফলতা-সীমাবদ্ধতার কথা তুলে ধরেন টেলিভিশন চ্যানেলটির সম্পাদক ও প্রধান নির্বাহী সামিয়া জামান।
তিনি বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দর্শকের সঙ্গে সরাসরি সংযোগের যে স্লোগান নিয়ে তারা যাত্রা শুরু করেছিলেন সেক্ষেত্রে তারা অনেকটাই সফল। বয়সের হিসেবে এটিকে অত্যন্ত সফল একটি টেলিভিশন চ্যানেল বলা যায়।
সামিয়া বলেন, “গুরুত্বপূর্ণ ঘটনা বা অনুষ্ঠানের ক্ষেত্রে ঘটনাস্থল থেকে সরাসরি সচিত্র সংবাদ পরিবেশনের রীতি এক বছর মাথায় ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে পরিণত হয়েছে। শুধু আমরা নই, আমাদের সঙ্গে অন্যান্য যে কোনো টেলিভিশন চ্যানেল যারা নিউজের কথা ভাবছেন বা করছেন তাদের সবাইকে এই সংযোগের দিকটাতে জোর দিতে হচ্ছে।”
সেটিই এখন টেলিভিশনের সংবাদ বা অন্যান্য অনুষ্ঠান পরিবেশনার একটা স্বাভাবিক এবং সাধারণ মানদণ্ডে দাঁড়িয়ে গেছে, যার কৃতিত্ব একাত্তরের বলে মনে করেন তিনি।
নিজেদের কিছু সীমাবদ্ধতার কথাও উঠে আসে সামিয়া জামানের কথায়।
তিনি বলেন, “যতোটা সাবলীলভাবে দেশের সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে দর্শকের সঙ্গে সংযুক্ত হওয়ার কথা ছিল সেটা এখন পর্যন্ত আমরা পারিনি।”
এর কারণ হিসাবে আরো অত্যাধুনিক যন্ত্রপাতি, বাড়তি বিনিয়োগসহ কিছু কারিগরি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধার অভাব রয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী।
এদিকে সম্প্রচারের এক বছর পূর্তিতে সকাল থেকেই তাদের চ্যানেলটির কার্যালয়ে শুরু হয় নানা আয়োজন। গণমাধ্যমের নেতৃত্বস্থানীয়দের পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিরা এতে অংশ নেন।
বর্ষপূর্তির এই অনুষ্ঠান চলবে সন্ধ্যা পর্যন্ত।
