২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে ধন্যবাদ: প্রণব

ত্রিপুরায় পালটানা তাপবিদ্যুত কেন্দ্রের ৭২৬ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিটের উদ্বোধন করে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।   

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2013, 12:40 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

শুক্রবার এ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি পালটানা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের সহযোগিতার কথা স্মরণ করেন এবং এ দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

শুক্রবার ঢাকায় ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

প্রণব মুখোপাধ্যায় বিদ্যুৎ খাতে দুই দেশের সহযোগিতা আরো বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে বলেন, পালটানা বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন সংশ্লিষ্ট সবার জন্যই একটি গর্বের মুহূর্ত।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলার দক্ষিণে পালটানায় ৭০০ মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্প স্থাপনে ভারতের পশ্চিম অংশ থেকে ভারি যন্ত্রপাতি পূর্ব অংশে নিয়ে যাওয়া হয় বাংলাদেশের ওপর দিয়েই। আশুগঞ্জে ট্রান্সশিপমেন্ট চালুর মধ্য দিয়ে ভারতকে সেই সুযোগ দেয় বাংলাদেশ। একইসঙ্গে  ভারতকে চট্টগ্রাম বন্দর ব্যবহারেরও সুযোগ দেয়া হয়।

আগরতলা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ওই প্রকল্প থেকে অন্তত একশ’ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশকে দেয়ার কথা বলে আসছে ত্রিপুরা সরকার। নয়া দিল্লি চাইলে এর বাইরে আরো বিদ্যুৎ দিতে চায় তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় রাষ্ট্রপতি বলেন, প্রকৃতি ত্রিপুরাকে প্রচুর গ্যাসের মজুদ দিয়েছে। সেই গ্যাস ব্যবহার করে ওএনজিসি-ত্রিপুরা পাওয়ার কোম্পানি স্থলবেষ্টিত দুর্গম এ অঞ্চলে যে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে, তা সত্যিই একটি বড় কাজ।     

Image
ট্রান্সশিপমেন্টের মাধ্যমে বাংলাদেশের ওপর দিয়ে ত্রিপুরায় নেয়া হয় পালটানা প্রকল্পের ভারি যন্ত্রপাতি।

ট্রান্সশিপমেন্টের মাধ্যমে বাংলাদেশের ওপর দিয়ে ত্রিপুরায় নেয়া হয় পালটানা প্রকল্পের ভারি যন্ত্রপাতি।

ত্রিপুরায় উল্লেখযোগ্য পরিমাণ প্রাকৃতিক গ্যাস আছে, যা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা যেতে পারে। কিন্তু বাংলাদেশ তাদের ভারি যন্ত্রপাতি নেয়ার সুযোগ করে না দিলে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মহাসড়ক দিয়ে সেগুলো পরিবহন করা ছিল প্রায় অসম্ভব। ওই মহাসড়কের অনেক স্থানে সেতুর অবস্থা এতোই নাজুক যে সেগুলো ভারি যন্ত্রপাতি পরিবহনের ভার সামলানোর পর্যায়ে নেই।

এ কারণেই বাংলাদেশ সরকার চট্টগ্রাম সমুদ্র বন্দর ও আশুগঞ্জ নদী বন্দর দিয়ে যন্ত্রপাতি ‘ট্রান্সশিপমেন্টের’ অনুমোদন দেয়ার আগ পর্যন্ত পালটানা প্রকল্প এগোয়নি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রণব মুখোপাধ্যায় আশা প্রকাশ করেন, পালটানা কেন্দ্র ত্রিপুরার গ্যাসের লাভজনক ব্যবহার নিশ্চিত করবে এবং ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলের বিদ্যুৎ চাহিদা মিটিয়ে শিল্পায়নে ভূমিকা রাখবে।  

অন্যদের মধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, গর্ভনর দেভানন্দ কুনওয়ার, কেন্দ্রীয় জ্বালানিমন্ত্রী ড.ভিরাপ্পা মইলি এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

দিল্লিতে ‘আটকেছে’ ত্রিপুরার বিদ্যুৎ