২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে চিকিৎসকের ‘রহস্যজনক’ মৃত্যু

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে শুক্রবার দুপুরে এক চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2013, 12:36 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

ডা. আরিফুর রহমান (৪০) নগরীর সাগরদি এলাকার সেফা ডায়াগনোস্টিক সেন্টারে কর্মরত ছিলেন। আরিফ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আলীমপুর গ্রামের প্রয়াত হুমায়ুন কবিরের ছেলে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মিরাজ (২৪) ও বাবন (২৩) নামে সেফা ডায়াগনোস্টিক সেন্টারের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফয়সাল আহম্মেদ জানান, আরিফুর রহমান মাদকাসক্ত ছিলেন।

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মাদক সেবনের কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে”, যোগ করেন এসআই ফয়সাল।

তার ডান হাতের কবজি ও গালে আঘাতের চিহৃ রয়েছে বলেও জানান তিনি।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, স্থানীদের কাছ থেকে খরব পেয়ে শেবাচিম হাসপাতাল থেকে আরিফুর রহমানের মৃতদেহ উদ্ধার করেন তারা। এ সময় তার নাক ও মুখ থেকে রক্ত পড়ছিল।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সেফা ডায়াগনোস্টিক সেন্টারের দুই কর্মীকে আটক করা হয়েছে।

আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, ডায়াগনোস্টিক সেন্টারে বসে অসুস্থ হয়ে পড়েন আরিফ। তাৎক্ষণিকভাবে তাকে শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, আরিফের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

তাকে হত্যা করা হয়েছে না কি অন্যকোনোভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যাবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর, বলেন ওসি।