‘ভুল চিকিৎসায়’ প্রসূতি মৃত্যু
নেত্রকোনা শহরে শুক্রবার একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় এলাকাবাসী বেসরকারি সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতি পরিচালিত শিবগঞ্জ রোডের স্বাবলম্বী হাসপাতাল ভাংচুর করেছে।
হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শিরিন আক্তার জানান, সদর উপজেলার হরিয়াতলা গ্রামের আব্দুল কাদিরের স্ত্রী প্রীতি আক্তারকে (২০) সকাল সাড়ে ৮টার দিকে স্বাবলম্বী হাসপাতালে আনা হয়।
পৌনে ৯টার দিকে অস্ত্রোপচারে তার একটি ছেলে হয়। এরপরই প্রীতির অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
শিরিন বলেন, মৃত্যুর খবর এলাকার এলে লোকজন হাসপাতালে ভাংচুর চালায়।
প্রীতির স্বামী আব্দুল কাদির সাংবাদিকদের বলেন, প্রীতির সঙ্গে তার খালাত বোন নার্গিস আক্তার ছাড়া কোনো পুরুষ ছিল না। কোনো সময় না দিয়ে হাসপাতালের পরিচালক ডাক্তার মাকসুদুর রহমান অস্ত্রোপচার কক্ষে নিয়ে যান প্রীতিকে।
ডাক্তার রওশন আরাকে নিয়ে ভুল অস্ত্রোপচার করে প্রীতিকে মেরে ফেলেছে তারা, বলেন কাদির।
নার্গিস আক্তার জানান, সকালে হাসপাতালে নেয়ার সময় প্রীতি ভাল ছিল। হেঁটেই হাসপাতালে যান তিনি। অস্ত্রোপচারের পরপরই তার নাক, মুখ দিয়ে রক্ত বেরুচ্ছিল।
এ অবস্থায় হাসপাতালের লোকজন আমিসহ আরো দুই জন মহিলাকে অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ হাসপাতালে পাঠিয়ে দেয়। অ্যাম্বুলেন্স ছাড়ার কিছুক্ষণ পর রাস্তায় মারা যান প্রীতি।
এ ঘটনায় কথা বলতে হাসপাতালের ডাক্তার মাকসুদুর রহমানকে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।
স্বাবলম্বী উন্নয়ন সমিতির কর্মসূচি পরিচালক দিলওয়ার হোসেন এ ব্যপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
