২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুবি উপাচার্যের বিরুদ্ধে হাইকোর্টের রুল

খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের একাডেমিক কার্যক্রম চালু রাখতে কেন নির্দেশ দেয়া হবে না জানতে চেয়েছে হাই কোর্ট।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2013, 11:06 AM

Updated : 23 Aug 2022, 11:02 AM

বিচারপতি মীর্জা হোসেন হায়দার ও খোরশেদ আলম সরকারের বেঞ্চ বৃহস্পতিবার এই বিষয়ে রুল জারি করে।

বিশ্ববিদ্যালয়ের ৩১ জন শিক্ষকের দায়ের করা রিটের শুনানি শেষে উপাচার্য, জীববিজ্ঞান স্কুলের ডিন, রেজিস্ট্রার, ওই স্কুলের সাত জন ডিসিপ্লিন প্রধান এবং পরীক্ষা নিয়ন্ত্রকের বিরুদ্ধে এ রুল জারি করা হয়।

আগামী ১৫ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ২৩ মার্চ জীববিজ্ঞান স্কুলের ডিন হিসেবে ফার্মেসি ডিসিপ্লিনের জ্যেষ্ঠ অধ্যাপক ড. সমীর কুমার সাধুকে নিয়োগ দিলে বিরোধিতা করেন ওই স্কুলের ডিসিপ্লিন প্রধান এবং শিক্ষকদের একাংশ।

তারা ওই নিয়োগ প্রক্রিয়া সঠিক হয়নি দাবি করে বেশ কিছুদিন ধরে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে অসহযোগিতা করে আসছেন।

এ কারণে শ্রেণিতে পাঠদান, পরীক্ষা প্রস্তুতিসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

রিট আবেদনকারী শিক্ষকদের মধ্যে রয়েছেন অধ্যাপক ড. সারওয়ার জাহান, অধ্যাপক ড. মাহমুদ হোসেন, অধ্যাপক ড. অনির্বাণ মোস্তফা, অধ্যাপক মামুনুর রশীদ, অধ্যাপক ড. আহমেদ আহসানুজ্জামান প্রমুখ।

তাদের পক্ষে রিটটি পরিচালনা করেন আইনজীবী ড. শাহদীন মালিক।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান রুল জারির সত্যতা নিশ্চিত করেন বলেন, ১৫ দিনের মধ্যে তারা রুলের জবাব দেবেন।