রাঙামাটিতে বাস উল্টে শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটির সদর উপজেলায় বাস উল্টে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আরো অন্তত ২০ জন আহত হন।
শুক্রবার দুপরের রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কতুকছড়ি ইউনিয়নের ভূঁইয়া আদাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুগত চাকমা (২২) খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মির্জাটিলায় বাসিন্দা। তিনি রাঙামাটি কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের ছাত্র ছিলেন।
কতুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তু বিকাশ চাকমা জানান, বাসটি খাগড়াছড়ি থেকে রাঙামাটি আসছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি জিপকে সাইড দিতে গিয়ে বাসটি উল্টে রাস্তার পাশে চলে যায়।
এতে ঘটনাস্থলেই সুগত নিহত হন। আহত হন অন্তত ২০ জন। তাদেরকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান।
