রাজবাড়ী ও পাবনায় অস্ত্র উদ্ধার, আটক ৭
রাজবাড়ীর দৌলতদিয়া ও পাবনার ঈশ্বরদী উপজেলায় দুইটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব ও পুলিশ।
শুক্রবার এ অভিযান চলাকালে সাত জনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক মো. নাজমুল নিশাত জানান, ভোররাতে দৌলতদিয়া রেলওয়ে স্টেশন থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ মাসুদ রানা (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
মাসুদ সিরাজগঞ্জের চৌহালীর খাস কাউরিয়া গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে।
এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার এসআই ফিরোজ আহম্মেদ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেছেন বলে জানান তিনি।
পাবনা প্রতিনিধি জানান, ঈশ্বরদীর কোলেরকান্দি এলাকা থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানায়।
গ্রেপ্তাররা হলেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়ার নজরুল ইসলামের ছেলে বিপ্লব হোসেন(২৩), রথিডাঙ্গা গ্রামের প্রয়াত কলিম উদ্দিন মণ্ডলের ছেলে মো. সাইদুর রহমান (৩২), রঘুনাথপুর গ্রামের ডা. রাইহান উদ্দিনের ছেলে মো. জুয়েল রানা (২৮), প্রয়াত ইছাহাক আলীর ছেলে মো. রাজু আহমেদ (২৩), ঝিনাইদহ সদরের আরাবপুর গ্রামের শেখ সাহাব উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৬) ও খাজুরা গ্রমের গোলাম সরোয়ারের ছেলে মো. মামুনুর রশিদ(২৭)।
এ ঘটনায় ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে বলে জানান ওসি বিমান কুমার দাস।
