বাড্ডায় পান দোকানি খুন
রাজধানীর বাড্ডায় এক পান দোকানদারকে গলা কেটে হত্যা করেছে দুবৃর্ত্তরা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
বাড্ডা থানার ওসি ইকবাল হোসেন জানান, বৃহস্পতিবার গভীর রাতে উত্তর বাড্ডা বালিকা বিদ্যালয়ের পাশে একটি টিনশেড কলোনিতে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বিকালে দোকান থেকে বাসায় ফেরেন আলাউদ্দিন। রাত ১১টার দিকে ছোট ভাই সালাউদ্দিন বাসায় ফিরে ঘরের মেঝেতে আলাউদ্দিনের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
ওই টিনশেড কলোনির ছোট ছোট ১২টি ঘরের বাসিন্দাদের অধিকাংশই পালিয়ে গেছে বলে ওসি জানান। তার ধারণা, ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে আলাউদ্দিনকে খুন করা হয়ে থাকতে পারে।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কলোনির ‘কেয়ারটেকার’সহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
