প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশে ভুটানের বিদায়ী রাষ্ট্রদূত দাসো বাপ কেসাং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন।
ভুটানের রাষ্ট্রদূত বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বিদায়ী সাক্ষাৎকালে এই প্রশংসা করেন।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, বৈঠকে তারা আঞ্চলিক যোগাযোগ জোরদার এবং ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করাসহ দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রদূত উভয়েই দু'দেশের মধ্যকার বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।
তারা এই সম্পর্ককে ঐতিহাসিক উল্লেখ করে আগামী দিনগুলোতে তা আরো জোরদারের আশা প্রকাশ করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী এই অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করতে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানকে নিয়ে আঞ্চলিক যোগাযোগ আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে ভুটানের রাষ্ট্রদূত ঢাকায় তার দায়িত্ব পালনকালে সব ধরনের সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
বৈঠকে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন এবং প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
