২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য ভূমি নিয়ে সরকারের দুরভিসন্ধি: সন্তু লারমা

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন নিয়ে বর্তমান সরকার পার্বত্যবাসীদের সঙ্গে দুরভিসন্ধিমূলক আচরণ করছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2013, 04:36 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

তিনি বলেন, পার্বত্য শান্তি চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে কোনো আইন প্রণয়ন বা সিদ্ধান্ত গ্রহণ করার আগে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সঙ্গে আলোচনা করতে হবে। কিন্তু পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন ২০১৩-এর বিল জাতীয় সংসদে উপস্থাপনের আগে কোনো আলাপ-আলোচনা করেনি সরকার।

“শুরু থেকে আজ পর্যন্ত আঞ্চলিক পরিষদের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই সরকার তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ থেকেই প্রমাণিত হয় যে, বর্তমান সরকার পার্বত্যবাসীদের সঙ্গে দুরভিসন্ধিমূলক আচরণ করছে।”

বৃহস্পতিবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন-২০১৩ এর বিলের বিষয়ে অবস্থান জানাতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সন্তু।

তিনি বলেন, সরকার পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন লঙ্ঘন করে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের উদ্যোগ নেয়ায় পার্বত্য এলাকায় নতুন সংকট সৃষ্টি হবে।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের বিগত মেয়াদে (১৯৯৭-২০০১) পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও সরকারের মধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সই হয়।

সন্তু অভিযোগ করেন, যে সরকারের আমলে পার্বত্য চট্টগ্রাম চুক্তি সম্পাদন হয়েছে সে সরকারই আইন লঙ্ঘন করে পার্বত্য ভূমি কমিশন আইন পাশ করার চেষ্টা করছে।

গত ১৬ জুন জাতীয় সংসদের চলতি অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন-২০১৩ এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়। বিধিমোতাবেক মতামত চেয়ে উক্ত বিল ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠানো হয়েছে।

জনসংহতি সমিতির সভাপতি বলেন, আইনের ১৩টি সংশোধনীতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পক্ষ থেকে পেশ করা প্রস্তাবগুলোর মাত্র ১০টি গ্রহণ করা হয়েছে। বাকি তিনটি গুরুত্বপূর্ণ সংশোধনী প্রস্তাব সম্পূর্ণভাবে বাদ দেয়া হয়েছে। এছাড়া গৃহিত প্রস্তাবগুলোর মধ্যে অন্তত দুটি প্রস্তাব যথাযথভাবে অর্ন্তভুক্ত করা হয়নি।

পার্বত্য অঞ্চলের ভূমি সমস্যা যথাযথ সমাধানের লক্ষ্যে আঞ্চলিক পরিষদ ও জনসংহতি সমিতির প্রস্তাবগুলোকে অন্তর্ভুক্ত করে ভূমি কমিশনের বিরোধাত্মক ধারাগুলো যথাযথ ও ক্রটিমুক্তভাবে সংশোধনের দাবি জানান তিনি।

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য উষাতন তালুকদার, স্নেহ কুমার চাকমা, থোয়াইং অং মারমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক নিলোৎপল খীসা ও পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির নেত্রী সুপ্রভা চাকমা।

এছাড়াও পার্বত্য যুব সমিতি, পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল ইউমেন্স ফেডারেশনের নেতারাও উপস্থিত ছিলেন।