২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যায্যমূল্যের খাদ্যশস্য কেনা প্রক্রিয়া নিয়ে মন্ত্রীর ক্ষোভ

গুদাম সংকটের কারণে প্রান্তিক কৃষকদের কাছ থেকে অধিক খাদ্যশস্য কেনা যাচ্ছে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2013, 02:48 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

বৃহস্পতিবার সচিবালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার বর্তমানে ১৪ লাখ মেট্টিকটন খাদ্যশস্য মজুদ রাখতে পারে। গুদামের ধারণক্ষমতা বেশি থাকলে প্রান্তিক কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে আরো খাদ্যশস্য কেনা যেত।

তবে কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যের খাদ্যশস্য কেনার প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।

রাজ্জাক বলেন, গুদামের ধারণক্ষমতা বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ১৯ লাখ মেট্রিকটন খাদ্যশস্য মজুদ করা যাবে। এছাড়া বিশ্ব ব্যাংকের সহায়তায় আরো ১০ লাখ মেট্রিকটন খাদ্যশস্য সংরক্ষণে গুদাম তৈরি করা হবে।

খাদ্য নিরাপত্তাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেয়ায় এর সুফল পাওয়া যাচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, “আমরা খাদ্য নিরাপত্তার বিশ্বে প্রশংসিত হয়েছি। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ দারিদ্র্যমুক্তও হবে।”

“পুষ্টিতে উন্নয়ন করাই এখন বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ। দেশজ উৎপাদনের মাধ্যমেই আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে চাই।”

মন্ত্রী বলেন, জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)’র এক জরিপ অনুযায়ী, ১৯৯০-৯২ সালে অভুক্ত মানুষের হার ছিল ৩৭ দশমিক ৬ শতাংশ। বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কারণে তা নেমে এসেছে ১৬ দশমিক ৮ শতাংশে।

 “দেশে জনসংখ্যা বৃদ্ধি পেলেও অভুক্ত মানুষের সংখ্যা কমেছে। ১৯৯০-৯২ সালে অভুক্ত মানুষের সংখ্যা ছিল ৩ কোটি ৭২ লাখ। বর্তমানে তা দুই কোটি ৫৩ লাখ।”

খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে দারিদ্রতা ও অপুষ্টি দূর করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করায় এফএও বাংলাদেশকে বিশেষভাবে পুরস্কৃত করেছে বলেও জানান খাদ্যমন্ত্রী।

তিনি বলেন, এফএও’র সদর দপ্তর রোমে ১৬ জুন সংস্থাটির ৩৮তম কনফারেন্সে এফএও’র মহপরিচালক হোসে গ্রাজিয়ানো ডি সিলভা বাংলাদেশকে এ পুরস্কার দেন।

চাষিদের কাছ থেকে অধিক চাল-গম সরকার কিনতে না পরায় অনেক সময় চাষিরাও ক্ষতিগ্রস্ত হয় বলে স্বীকার করেন রাজ্জাক।

তিনি বলেন, দেশে বছরে তিন কোটি ৪০ লাখ মেট্টিকটন খাদ্যশস্য উৎপাদিত হয়। গুদামের ক্ষমতা বাড়লে চাল-গম কেনা হবে।

মঙ্গাপীড়িত অঞ্চলের মানুষদের জন্য ওএমএস, টিআর-কাবিখাসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকার সহায়তা দিচ্ছে বলেও জানান খাদ্যমন্ত্রী।

এ বছর খাদ্যশষ্য উৎপাদনে প্রবৃদ্ধির হার ৫ এর কাছাকাছি হবে বলেও আশা প্রকাশ করেন রাজ্জাক।

আগে শ্রমিকরা প্রতিদিনের মাথাপিছু আয় দিয়ে ৪-৫ কেজি চাল কিনতে পারত তথ্য দিয়ে মন্ত্রী বলেন, এখন তারা এক দিনের আয় দিয়ে ৮-১০ কেজি চাল কিনতে পারে।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব মুশফিকা ইকফাৎ, প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহম্মেদ হোসেন খান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।