জামায়াতকর্মীদের ধরতে র্যাব-পুলিশের নিস্ফল অভিযান
বিভিন্ন মামলার আসামি জামায়াত-শিবিরকর্মীদের ধরতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তিনটি গ্রামে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালেও কাউকে আটক না করেই ফিরতে হয়েছে তাদের।
বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কল্যাণপুর, মৌবপুর ও সর্বতুলসী গ্রামের অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর তিনশ সদস্য অংশ নেন।
অভিযানে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যদি সরাসরি জেলা শহর থেকে এ অভিযান চালানো হত তাহলে হয়তো আসামিদের ধরা যেত। কিন্তু জেলা শহর থেকে ফোর্স প্রথমে বেলকুচি থানা সদরে গিয়ে জড়ো হয়। তারপর সেখান থেকে তিন গ্রামে অভিযান চালায়।
“মনে হয়, এ সময়ের মধ্যে খবর আগেই ওই তিনগ্রামে পৌঁছে যায়। ফলে অভিযান চালানোর সময় তিনটি গ্রামই পুরুষশূন্য ছিল। কাউকে গ্রেপ্তার করা যায়নি”, যোগ করেন ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন।
গত মার্চ মাসে কল্যাণপুরে একটি মামলার আসামি হাবিবুর রহমানকে পুলিশ ও র্যাব গ্রেপ্তার করলে জামায়াতকর্মীরা পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। পরে জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পাল্টা অ্যাকশনে যায়। এ সময় ২ জামায়াতকর্মী নিহত হয়।
এ ঘটনায় দায়ের করা ৫টি মামলায় গ্রামের সহস্রাধিক জামায়াত-বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়। এরপর থেকে ওই গ্রামে আসামি ধরতে গিয়ে জামায়াতকর্মীদের বাধার মুখে একাধিকবার পুলিশি অভিযান ব্যর্থ হয় বলে জানান বেলকুচি থানার ওসি আব্দুল হাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল বেলায় বাস ও গাড়িতে করে প্রায় ৩ শতাধিক র্যাব-পুলিশ-আর্মড পুলিশ বেলকুচি থানা চত্বরে জড়ো হয়। তাদের সঙ্গে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম ও জয়নাল আবেদিন।
সকাল ১১টার দিকে তারা কল্যাণপুর, মৌবপুর ও সর্বতুলসী গ্রামে যৌথ অভিযান শুরু করেন। অভিযানকালে নারী ও শিশুদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। গ্রামের বাজারের অধিকাংশ দোকানপাট, তাঁত কারখানা ও কিছু বাড়িঘর তালাবদ্ধ অবস্থায় দেখা যায়। গ্রামগুলোতে তখন পুরুষ প্রায় ছিল না বললেই চলে।
১২টার দিকে কল্যাণপুর গ্রামের দক্ষিণপাশের ফাঁকা জায়গায় বেশকিছু জামায়াত-শিবির নেতাকর্মীর দেখা মিললেও র্যাব-পুলিশ দেখে তারা সটকে পড়েন।
বেলা ১টার দিকে আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান শেষ করে জেলা সদরে ফিরে আসে।
