২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনকে নিতে হবে স্থানীয় পর্যায়ে: মুহিত

বর্তমান প্রশাসনিক শাসন কাঠামোর সমালোচনা করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনের সাফল্য ধরে রাখতে হলে প্রশাসনকে স্থানীয় পর্যায়ে নিয়ে যেতে হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2013, 09:12 AM

Updated : 25 Apr 2022, 06:53 PM

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “এদেশে ১৫ কোটি মানুষের বাস। তাদের জীবনের প্রতিটি বিষয় ঢাকা থেকে নির্ধারিত হয়। এটা অসম্ভব, দুর্নীতিপরায়ণ ও অদক্ষ।”

‘বাংলাদেশ পোভার্টি অ্যাসেসমেন্ট’ শিরোনামে বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, দারিদ্র্য বিমোচনে নির্ধারিত সময়ের দুই বছর আগেই জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এমডিজি) পৌঁছে যাবে বাংলাদেশ।

আর মুহিত মনে করেন, এই সাফল্য ধরে রাখতে হলে প্রশাসনের বিকেন্দ্রীকরণের বিকল্প নেই।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের প্রবৃদ্ধির হার ও দারিদ্র্য দূরীকরণের সাফল্য ধরে রাখতে হলে সরকার ও প্রশাসনের কাঠামোর ব্যাপক পরিবর্তন দরকার।”

স্থানীয় শাসন ব্যবস্থাকে আরো শক্তিশালী ও কার্যকর করতে ‘কঠোর’ সিদ্ধান্তে আসা দরকার বলেও তিনি মন্তব্য করেন।

দেশের অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখার ক্ষেত্রে কয়েকটি চ্যালেঞ্জের কথাও অনুষ্ঠানে তুলে ধরেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, এজন্য দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে। মানবসম্পদকে উপযুক্ত করে তুলতে হবে।

“মৎস্য ও প্রাণীসম্পদের যথেষ্ট সম্ভাবনা থাকলেও তা আমরা আদায় করতে পারছি না। এটাকে কাজে লাগাতে হবে।”

বিশ্ব ব্যাংকের প্রতিবেদনের মূল্যায়নে মুহিত বলেন, “এটা অত্যন্ত মূল্যবান সমীক্ষা। গত চার বছরে বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও এশিয়ার ১৪টি এবং আফ্রিকার ১০টি দেশ ৬ শতাংশের ওপরে প্রবৃদ্ধি ধরে রেখেছে।এটা অত্যন্ত আনন্দদায়ক।”

অন্যদের মধ্যে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি ইয়োহানেস সুট এই প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।