নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অনিয়ম তদন্তে কমিটি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাণিজ্য ও ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুসদের ডিন ড. আবুল হোসেনকে প্রধান করে গঠিত এই কমিটির বাকি দুই সদস্য হলেন- কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন্স ইঞ্জিনিয়ারিং-সিএসটিই বিভাগের প্রধান বেল্লাল হোসাইন এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক প্রকৌশলী মো. জামাল উদ্দিন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানদের সভায় এই অভিযোগ তদন্তের দাবি উঠলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করে।
কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক মো. মমিনুল হক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ১৪টি বিভাগে ভর্তি বাণিজ্য ও অনিয়ম নিয়ে ‘সচেতন নোয়াখালীবাসীর’ নামে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধানসহ শিক্ষকদের কাছে তথ্য দিয়ে একটি উড়ো চিঠিকে কেন্দ্র করে এই কমিটি গঠন করা হয়েছে।
কারা এই চিঠি দিয়েছে, তা না জানার কথা জানিয়ে নিবন্ধক বলেন, “উচ্চ শিক্ষা ব্যবস্থার সম্মান রক্ষায় এ বিষয়টির তদন্ত হওয়া দরকার বলেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”
সোমবার সচেতন নোয়াখালীবাসীর নাম ব্যবহার করে চলতি শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অনিয়ম ও ভর্তি বাণিজ্য নিয়ে ওই উড়ো চিঠি আসে।
