২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ইভিএম নয়: ইসি

চার সিটি কর্পোরেশনে সীমিত আকারে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হলেও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে এর ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 02:48 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

বুধবার ইসি সচিবালয়ের নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ এ কথা জানান।

৬ জুলাই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে একটি ওয়ার্ডের কয়েকটি কেন্দ্রে ইভিমে ভোট নেয়ার কথা ছিল।

শাহনেওয়াজ বলেন, “রাজশাহী সিটি নির্বাচনের একটি কেন্দ্রে ইভিএমে ভোট নেয়ার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। কমিশনের তথ্য প্রযুক্তি বিভাগ ও বাংলদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেউই এর কারণ নির্ণয় করেত পারেনি। বর্তমানে যান্ত্রিক গোলযোগের কারণ অনুসন্ধানের কাজ চলছে। তারপর এ সমস্যার সমাধান করা গেলেই কেবল পরবর্তী নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে।”

বৃহস্পতিবারের গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনেও এ ভোটযন্ত্র ব্যবহার করা হবে না বলে জানিয়ে তিনি বলেন, “ইভিমের সমস্যা নির্ণয় না করা পর্যন্ত অদূর ভবিষ্যতে সকল স্থানীয় নির্বাচনেও এর ব্যবহার করা হবে না।”

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার গত শনিবার ভোটের দিন ইসি সচিবালয়কে জরুরি চিঠিতে জানান, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সাতটি ভোটকক্ষের একটিতে ইভিএম বিকল হওয়ায় ফল দেয়া সম্ভব হয়নি।

এদিকে চার সিটি কর্পোরেশনে নতুন মেয়র নির্বাচিত হলেও মেয়াদ শেষ না হওয়ায় প্যানেল মেয়ররাই সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত এসব কর্পোরেশনের দায়িত্বে থাকছেন।

শাহ নেওয়াজ বলেন, “স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ পাঁচ বছর। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে তাদের মেয়াদ শেষ হবে। নির্বাচিতদের গেজেট প্রকাশের ১ মাসের মধ্যে শপথগ্রহণ হবে। তাই নবনির্বাচিত মেয়রদের গেজেট বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগ মূহূর্তে প্রকাশ করা হবে।”

স্থানীয় সরকার বিভাগ সংশ্লিষ্টদের শপথের বিষয়ে ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

গত শনিবার সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। চারটি শহরেই ক্ষমতাসীন জোট সমর্থিত প্রার্থীদের পরাজিত করেছেন ১৮দল সমর্থিত প্রার্থীরা।

শিগগির সংসদীয় সীমানার চূড়ান্ত গেজেট

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৩০০ সংসদীয় আসনের সীমানা আগামী সপ্তাহে কমিশন বৈঠকে চূড়ান্ত করা হবে। এরই মধ্যে এ সংক্রান্ত সব পর্যালোচনা শেষ ইসি।

বুধবার কমিশন বৈঠকে বিশেষ পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত হয়েছে বলে বলে জানান শাহনেওয়াজ।

গত ৬ ফেব্রুয়ারি পূনর্বিন্যাসিত আসনের তালিকাসহ গেজেট প্রকাশ করা হয়। এরপর সবপক্ষের আপত্তি-দাবি নিয়ে ২৩ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত বিন্যাসকৃত সংসদীয় আসনের সীমানার ওপর কমিশনে শুনানি হয়।