খুলনা বিভাগে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
খুলনা বিভাগের ১০ জেলায় চলা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন পরিবহন শ্রমিকরা।
বুধবার বিকালে মালিকপক্ষের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয় বলে জানান বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল আলম মিন্টু।
তিনি জানান, মালিকপক্ষ অনেকাংশে শ্রমিকদের দাবি মেনে নিয়েছেন। ফলে ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়েছে।
বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে পরিবহন শ্রমিকরা গত মঙ্গলবার থেকে খুলনা বিভাগের ১০ জেলায় এ পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিল।
আন্ত:জেলা বাস মালিক সিন্ডিকেটের সাধারণ সম্পাদক ও ঈগল পরিবহনের মালিক পবিত্র কাপুড়িয়া জানান, শ্রমিকদের দাবি মালিকপক্ষ সমঝোতার ভিত্তিতে মেনে নিয়েছেন। ফলে সন্ধ্যার পর থেকে পরিবহন চলাচল শুরু হয়েছে।
