২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারটি সংসদীয় কমিটি পুনর্গঠন

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিসহ চারটি সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 11:56 AM

Updated : 23 Aug 2022, 11:02 AM

বুধবার জাতীয় সংসদে দিনের সম্পূরক কর্মসূচিতে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি, যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব কণ্ঠভোটে পাস হয়।

সংসদ নেতা শেখ হাসিনার পক্ষে প্রধান হুইপ আব্দুস শহীদ এসব কমিটি পুনর্গঠনের প্রস্তাব দেন।

এর আগে মঙ্গলবার আটটি সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়।

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে আওয়ামী লীগের সিমিন হোসেন রিমিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আওয়ামী লীগের প্রয়াত সদস্য আব্দুল জলিলের জায়গায় রিমি এলেন।

যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে সরকারি দলের আব্দুল মালেককে অন্তর্ভুক্ত করা হয়েছে। শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী এই কমিটির সদস্য ছিলেন। ওমর ফারুককে সরিয়ে আব্দুল মালেককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি এর আগে বিদ্যুৎ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি থেকে ইসরাফিল আলমকে বাদ দেয়া হয়েছে। তার জায়গায় কিশোরগঞ্জ-৪ আসনে যিনি নির্বাচিত হবেন, তাকে অন্তর্ভুক্ত করা হবে।