প্রাথমিকে ঝরে পড়ার হার ২৯ শতাংশ
প্রাথমিক বিদ্যালয়ের ২৯ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন।
বুধবার সচিবালয়ে গ্লোবাল এলায়েন্স ফর ইমপ্রুভড নিউটেশন-গেইন এর চেয়ারম্যান জয় নাইডুকে মন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, বর্তমানে ঝরে পড়ার হার কমে ২৯ শতাংশে এসে দাঁড়িয়েছে। বিদ্যালয় গমনোপযোগী শতভাগ শিশুকে বিদ্যালয়ে ভর্তি করাতে সরকার সক্ষম হয়েছে।
বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপে প্রাথমিক শিক্ষার মান্নোয়নসহ সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে বলেও গেইন চেয়ারম্যানকে জানান মন্ত্রী।
বর্তমান সরকার দরিদ্র শিক্ষার্থীদের পুষ্টিমান বৃদ্ধি ও ঝরে পড়ারোধে স্থানীয় ও বিদেশী উদ্যোক্তাদের সহযোগিতায় মিড-ডে মিল চালু করেছে।
এরই ধারাবাহিকতায় গেইন পরীক্ষামূলকভাবে ময়মনসিংহ ও রাজধানীর গুলশানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুপুরে রান্না করা পুষ্টিমানসমৃদ্ধ খাবার দিচ্ছে।
গেইন চেয়ারম্যান জয় নাইডু এসব কর্মসূচি সরেজমিন পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করছেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, গেইনের এ কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের জন্য জয় নাইডুকে অনুরোধ করেন মন্ত্রী। নাইডু এ প্রস্তাব বাস্তবায়নের জন্য মন্ত্রীকে আশ্বস্ত করেন।
মন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে গেইনের আবাসিক প্রতিনিধি বসন্ত কুমার করও উপস্থিত ছিলেন।
